০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

২২ অক্টোবর পর্যন্ত এ সময়সূচি কার্যকর থাকবে, বলেছে বিদ্যুৎ বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 09:42 PM

Updated : 05 Oct 2026, 09:47 PM

দুর্গাপূজা সামনে রেখে দেশের বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার।

২২ অক্টোবর পর্যন্ত এসব স্থাপনা সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে সোমবার বিদ্যুৎ বিভাগ জানিয়েছে।

বর্তমানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নিয়ম রয়েছে। ২৩ অক্টোবর থেকে আবার এ সূচি কার্যকর হবে।

বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, “আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। ২৩ অক্টোবর থেকে পূর্বের সময়সূচি (সকাল ১১.০০ হতে রাত ৮.০০ টা পর্যন্ত) বহাল থাকবে।”

নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও সিদ্ধান্তটি জানানো হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করার কথা বলে গত ১২ অগাস্ট শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা করে সরকার। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সময় নির্ধারণ করা হয়।

ওই সিদ্ধান্তে মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করতে বলা হয়। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

এর আগে জুনে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় রাত ৯টা পর্যন্ত করা হয়েছিল। তখন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

চলতি বছর জ্বালানি সংকটের মধ্যে দোকানপাট খোলা রাখার সময় কয়েক দফা পরিবর্তন করেছে সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর জ্বালানি সংকট দেখা দিলে এপ্রিলের শুরুতে শপিংমল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবিতে তা সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয়।

কোরবানির ঈদ সামনে রেখে মে মাসেও সময়সূচিতে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল। ১২ মে থেকে ঈদের আগ পর্যন্ত বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। পরে জুনে তা রাত ৯টা এবং অগাস্টে রাত ৮টায় নামিয়ে আনা হয়।

রাত ৮টার মধ্যে দোকান বন্ধের নিয়ম বাংলাদেশে নতুন নয়। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১১৪ ধারায় সাধারণভাবে রাত ৮টার পর দোকান খোলা না রাখার বিধান রয়েছে। তবে রাত ৮টার সময় কোনো ক্রেতা দোকানে থাকলে তাকে আরও আধা ঘণ্টা কেনাকাটার সুযোগ দেওয়ার বিধানও রয়েছে।

২০২২ সালে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে সরকার এই বিধান কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছিল।