হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক
সাড়ে ৭ শতাংশ ডিসকাউন্ট রেটে বন্ডটির বিনিয়োগ মুনাফা হবে ২৪ দশমিক ২৩ শতাংশ।
তিন বছর মেয়াদী এক হাজার কোটি টাকার গ্রিন জিরো কুপন বন্ড ছাড়ছে বেসরকারি ব্র্যাক ব্যাংক।
সাড়ে ৭ শতাংশ ডিসকাউন্ট রেটে বন্ডটির বিনিয়োগ মুনাফা ২৪ দশমিক ২৩ শতাংশ হবে বলে তথ্য দিয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান।
আগামী ১৫ নভেম্বর থেকে বন্ডটি বাজারে ছাড়া হবে জানিয়ে রোববার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশে ঝুঁকি নেওয়ার, আবার ঝুঁকি না নেওয়ার দুই ধরনের লোক আছে। এখন যারা ঝুঁকি নিতে চান না তারা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন বন্ডে।’’
টেকসই সবুজ প্রকল্পে এই বন্ডের অর্থ বিনিয়োগ করা হবে তথ্য দিয়ে রেফাত উল্লাহ খান বলেন, “নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন নির্মাণ এবং শিল্প খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে বন্ডের অর্থ বিনিয়োগ করা হবে।
“এই গ্রিন বন্ড ব্র্যাক ব্যাংকের টেকসই অর্থায়নের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশের পুঁজিবাজারের আরও বিকাশে এটি অর্থবহ ভূমিকা রাখবে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ডিসকাউন্ট রেটে প্রতি ইউনিট ৮ লাখ ৪ হাজার ৯৬১ টাকা থেকে ৮ লাখ ১৮ হাজার ৯৫৭ টাকায় কেনা যাবে তিন মাসের জন্য।
প্রথম দিনের ক্রয় মূল্য হবে প্রতি ইউনিট ৮ লাখ ৪ হাজার ৯৬১ টাকা। প্রতি বছর আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়ে বন্ডের অর্থ ব্যবহারের বিষয়ে নিরীক্ষা চালানো হবে।
বন্ডটির বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়, তিন বছর মেয়াদি গ্রিন বন্ডটি হবে রূপান্তর অযোগ্য (নন-কনভার্টেবল) ও মেয়াদ শেষে সম্পূর্ণ পরিশোধযোগ্য।
বন্ডের কাঠামো সম্পর্কে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস এরইমধ্যে একটি ‘সেকেন্ড-পার্টি ওপিনিয়ন’ দিয়েছে। বন্ডটির ট্রাস্টি হচ্ছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি ও ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ।
ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার একরাম কবীরের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহীন ইকবাল।
