২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে বাংলাদেশ থিয়েটারের যুগপূর্তি, মঞ্চস্থ হল ‘মলুয়া সুন্দরী’

‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ স্লোগান এ আয়োজন করেন তারা।

মিজানুর রহমান বাবু, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 01:46 PM

Updated : 25 Nov 2026, 01:46 PM

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক যুগ পূর্তি উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’। এ উপলক্ষ্যে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে মঞ্চস্থ হয়েছে নাটক ‘মলুয়া সুন্দরী’।

নাটক মঞ্চায়নের পাশাপাশি কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা।

‘নাটক হোক সুস্থ সমাজের দর্পণ’ স্লোগান সামনে রেখে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে রিয়াদে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ময়মনসিংহ গীতিকার ঐতিহ্যবাহী কাহিনি অবলম্বনে নির্মিত নাটক ‘মলুয়া সুন্দরী’। নাটকটির রচনা করেছেন তুহিন অবন্ত এবং নির্দেশনা দিয়েছেন এজহারুল হক মিজান।

এতে অভিনয় করেন রিহাম হাসনাত নুহা, কামরুজ্জামান, নুসরাত জাহান রীতা, পলাশ, টিটু, হৃদয়, ভুবন আকন্দ, আব্দুল আহাদ ও তুষারসহ অন্য শিল্পীরা।

নাটকটির সংগীত পরিচালনা করেন জামশেদ রানা। হারমোনিয়াম ও বাঁশিতে সংগীত পরিবেশন করেন রবি সদাগর। শিল্পীদের অভিনয় ও সংগীত পরিবেশনায় মঞ্চে উঠে আসে বাংলা লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচিত অনুষঙ্গ।

এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের পথচলা ও কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া দেশে ও প্রবাসে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ফেনী প্রবাসী ফোরামকে সম্মাননা দেওয়া হয়।

নাট্যনির্দেশক এজহারুল হক মিজান এবং রিয়াদ বাংলাদেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মঞ্চ অভিনেতা আরিফ রহমান টিটুকেও সম্মাননা জানানো হয়।

১২ বছরের পথচলায় রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রবাসে বাংলা ভাষা, নাটক, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি এ পর্যন্ত ২০টির বেশি নাটক প্রযোজনা করেছে। প্রবাসে চাকরি ও অন্যান্য ব্যস্ততার মধ্যেও বিভিন্ন বয়সি সদস্যদের অংশগ্রহণে নাট্যচর্চা অব্যাহত রেখেছে তারা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কবি মসিই সিরাজ, সাধারণ সম্পাদক গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. জাহাঙ্গীর আলম হৃদয়, জ্যেষ্ঠ সহসভাপতি হাফিজুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল ও কামরুজ্জামান উপস্থিত ছিলেন।