সিডনিতে নটর ডেম কলেজ প্রাক্তনদের পারিবারিক মিলনমেলা
স্মৃতিচারণা ও সাংস্কৃতিক আয়োজনে দিনটি উদযাপন করেন তারা।
স্মৃতিচারণা, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বার্ষিক পারিবারিক মিলনমেলা।
নটর ডেম কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (এনডিসিএএএ) আয়োজনে রোববার সিডনির কাছে বারগো স্পোর্টস গ্রাউন্ড কমিউনিটি হলে ‘ফ্যামিলি পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত হয়।
এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত কলেজটির প্রাক্তন শিক্ষার্থীরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। সকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম মজুমদার পুলক স্বাগত বক্তব্য দেন। সকালের নাশতার পর শুরু হয় বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা।
এসব আয়োজন পরিচালনায় সহযোগিতা করেন সায়মন হোসেন, মোহাম্মদ সোহেল ও তানিম মান্নান। প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানেরাও বিভিন্ন খেলায় অংশ নেন। শিশুদের প্রতিযোগিতায় সর্বাধিক পুরস্কার পায় স্বর্গ সায়ন্ত চৌধুরি।
খেলাধুলার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। তানিম মান্নানের সঞ্চালনায় এ পর্বের শুরুতে সংগীত পরিবেশন করেন আফরোজা শারমিন পাপড়ি ও মাহির মুবির। পরে আসিফ রহমান ও আবিদ আহমেদ ছন্দময় রম্য কবিতা পরিবেশন করেন।
মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ব্যান্ড ‘কেডিএইচডি বয়েজ’। ব্যান্ডটির সদস্য মাসুদ হাসান, আশিক আহমেদ, নিপুন আলম ও মোহাম্মদ রহমান জনপ্রিয় বাংলা ব্যান্ডের গান পরিবেশন করেন।
এ ছাড়া গান করেন খন্দকার ইউসুফ। অনুষ্ঠানের শেষদিকে খালিদ হোসেইন পান্না পুরোনো দিনের জনপ্রিয় বাংলা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সংগঠনের সভাপতি সায়মন হোসেন। আয়োজন সফল করতে সহযোগিতার জন্য তিনি আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক, প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান।
