সিডনিতে আইইউটি প্রাক্তন শিক্ষার্থীদের ‘বিশাল গরু পার্টি’
ওআইসির তত্ত্বাবধানে পরিচালিত গাজীপুরের এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনরা এ মিলনমেলার আয়োজন করেন।
অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ শিরোনামে পুনর্মিলনী করেছেন দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রাক্তন শিক্ষার্থীরা।
শনিবার সিডনির রোজলি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে চার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
ওআইসির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত গাজীপুরের এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনরা প্রবাসে পুরনো ক্যাম্পাসের স্মৃতিকে এক সুতোয় গেঁথে এই মিলনমেলার আয়োজন করেন।
অনুষ্ঠানের আয়োজক ‘আইইউটিয়ান সিডনিসাইডার্স’-এর প্রতিনিধিরা জানান, আইইউটির ক্যাম্পাস সংস্কৃতিতে ‘গরু পার্টি’ একটি পরিচিত ঐতিহ্য। সাধারণত স্নাতক হতে যাওয়া ব্যাচের উদ্যোগে আয়োজিত এই ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সময়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীকে পরিণত হয়েছে।
অস্ট্রেলিয়ায় ২০১৯ সালে সিডনিতে প্রথম এই থিমে অনুষ্ঠান শুরু হলেও পরবর্তীতে ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্নেও তা ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়াজুড়ে বৃহত্তর পরিসরে ‘বিশাল গরু পার্টি’র আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ার আদিবাসী সম্প্রদায়ের প্রতি সম্মান জানানো হয় এবং পরিবেশিত হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত। দিনব্যাপী এ আয়োজনে ছিল পরিচিতি ও মতবিনিময় পর্ব, ব্যাচভিত্তিক পুনর্মিলন, স্মৃতিচারণ এবং সামাজিক যোগাযোগের নানা আয়োজন। দীর্ঘ দিন পর সহপাঠী ও বন্ধুদের সান্নিধ্যে এসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
সাংস্কৃতিক পর্বে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে নাটক, নাচ ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। শিশু-কিশোরসহ সব বয়সি অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মিলনমেলায় রূপ নেয়।
আয়োজকরা জানান, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত আইইউটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান তারা।
