অস্ট্রেলিয়া সফরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন।
উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে অস্ট্রেলিয়া সফর করছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি প্রতিনিধিদল।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন। গত ২৫ অক্টোবর শুরু হওয়া এ সফর চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
ডিআইইউ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল এডুকেশন কনফারেন্সে’ (এআইইসি) অংশ নিচ্ছে প্রতিনিধিদলটি। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলের সদস্যরা ইউনিভার্সিটি অব সিডনি, ম্যাককুয়ারি ইউনিভার্সিটি এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ‘টিএএফই এনএসডব্লিউ’ পরিদর্শনও করেন।
সফরে তারা ম্যাককুয়ারি ইউনিভার্সিটির সহ-উপাচার্য (গ্লোবাল) অধ্যাপক অ্যান্থনি কাহালান এবং ইউনিভার্সিটি অব সিডনির আন্তর্জাতিক অংশীদারত্ব ও উন্নয়ন বিভাগের প্রধান ড্যানিয়েল মুইরের সঙ্গে একাডেমিক সহযোগিতা নিয়ে বৈঠক করেন।
সবুর খান অস্ট্রেলিয়ায় আলোচনার বিষয়গুলোকে বাস্তবভিত্তিক অংশীদারত্বে রূপ দেওয়ার গুরুত্ব তুলে ধরেন, যাতে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অর্থবহ সুফল নিশ্চিত করা যায়।
অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনের (অস্ট্রেড) দক্ষিণ এশিয়াবিষয়ক কমিশনার ভিক সিং এবং ঢাকায় অস্ট্রেলিয়ান হাই কমিশনের বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মোস্তাফিজুর রহমান সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
