গাজীপুরে ওষুধ কোম্পানির প্রতিনিধিকে অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩
এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল এবং নয়টি সিম কার্ড জব্দ করা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে অপহরণের ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে এসআরবি। এ সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল এবং নয়টি সিম কার্ড জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে তিনজনকে গাজীপুর আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ।
রোববার বিকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার পেপসি গেইট এলাকা থেকে অপহৃতকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
অপহৃত আরিফ হোসেন (৩৭) রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস কোম্পানিতে কর্মরত।
গ্রেপ্তাররা হলেন- বরগুনার আমতলী উপজেলার পচা করালিয়া গ্রামের প্রয়াত আলী আকনের ছেলে জাকির হোসেন (৩৫), পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের প্রয়াত আবুল হাওলাদারের ছেলে হামিদুল (৩২) এবং একই উপজেলার নন্দিপাড়া গ্রামের জসিম কাজীর ছেলে রাজিব কাজী (২৮)।
ইফতেখার আহমেদ বলেন, রোববার সকাল সাড়ে ৬টার দিকে আরিফ হোসেন প্রতিষ্ঠানের মাসিক সভায় যোগদানের উদ্দেশে ঢাকায় যাচ্ছিলেন। পথে মাওনা চৌরাস্তা থেকে প্রাইভেট কারে তাকে তুলে নেওয়া হয়।
পরে অপহরণকারীরা সকাল সাড়ে ৮টার দিকে মুক্তিপণের জন্য আরিফের স্ত্রী তানিয়া আক্তারের (৩০) মোবাইলে কল দেন। এরপর তানিয়া শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
একইদিন বেলা সাড়ে ১১টার দিকে তানিয়া এসআরবি-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে অভিযোগ করেন বলে জানান ইফতেখার আহমেদ।
তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে এসআরবির একটি দল বিকাল সোয়া ৪টার দিকে পেপসি গেইট (এমপি চেক পোস্টের) সামনে থেকে অপহৃত আরিফ হোসেনকে উদ্ধার করে। এ সময় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ও অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পরে আরিফের স্ত্রী তানিয়া আক্তার গ্রেপ্তারদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেন বলে জানান এসআরবির এই কর্মকর্তা।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, দুপুরে অপহরণ ও চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
