২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত রাজশাহীর লবাণ উৎসব

রাজশাহীর উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 08:19 PM

Updated : 27 Nov 2026, 08:19 PM

আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন উদযাপনে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা।

শুক্রবার নগরের বাগানপাড়া এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

এতে রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকার আদিবাসীরা অংশ নেন। জাতিগত বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলা উদযাপন কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডির সভাপতিত্বে এবং শেলী বিশ্বাস ও সুমী মুরমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সামাজিক উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রতন কুমার, বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক কাঞ্চন সিং উরাঁও, রাজশাহী ধর্মপ্রদেশের জুডিশিয়াল ভিকার ও উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুরমু, ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু টি. রোজারিও, মেলা উদযাপন কমিটির সহসভাপতি আরোক টপ্য, বাগানপাড়া মুক্তিদাতা হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রাদার লিটন রিবেরু।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর নারী-পুরুষের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এতে অংশগ্রহণকারীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরেন। পরে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং ফুলের মালা ও উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করা হয়।

অনুষ্ঠানে নবান্ন উৎসবের তাৎপর্য, কৃষিনির্ভর জীবনযাত্রা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও নতুন ফসল ঘরে তোলার আনন্দের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংস্কৃতি মেলায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ, গান, পোশাক ও জীবনধারার বৈচিত্র্যময় উপস্থাপনা ছিল অন্যতম আকর্ষণ। মাল-পাহাড়িয়া জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে তাদের নিজস্ব কৃষ্টি, ঐতিহ্য ও জীবনবোধ।

পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণে দলীয় নৃত্য, লোকসংগীত ও ব্যান্ড সংগীত পরিবেশিত হয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ আয়োজনে রাজশাহী, নওগাঁ ও দিনাজপুরের সাংস্কৃতিক দলগুলো অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় রক্ষার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আয়োজকরা জানান, আদিবাসী লবাণ উৎসব ও সাংস্কৃতিক মেলার মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখা, পারস্পরিক পরিচিতি বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্ম যেন নিজেদের শিকড়, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারে, সে লক্ষ্যেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।