১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে সন্ত্রাসবিরোধী মহড়া

এর মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম এবং যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 09:14 PM

Updated : 18 Nov 2026, 09:14 PM

চট্টগ্রাম বন্দরে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় মহড়া হয়েছে।

বুধবার এ মহড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তা কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস অংশগ্রহণ করে।

বন্দর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মহড়ায় পর্যায়ক্রমে বন্দর স্থাপনার নিরাপত্তা স্তর-১, স্তর–২ ও সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ ঘোষণা ও বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।

মহড়ায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, বন্দর এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলা ও আহতদের উদ্ধার, সংঘবদ্ধ ব্যক্তিদের জোর করে গেইট দিয়ে প্রবেশের চেষ্টা, সন্দেহজনক পরিত্যক্ত বস্তু শনাক্ত করা, বোমা নিষ্ক্রিয় করা ও অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টার পরিস্থিতি তৈরি করে তা মোকাবিলা করা হয়।

মহড়ার শেষ পর্যায়ে একটি সন্দেহজনক পিকআপ থেকে অস্ত্র উদ্ধার এবং চারজন অনুপ্রবেশকারীর কন্টেইনার ইয়ার্ডে পালিয়ে আত্মগোপনের পরিস্থিতি সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন এবং প্রাথমিক তল্লাশি কার্যক্রমের পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা স্তর-৩ ঘোষণা করা হয়।

এরপর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে কনটেইনার ইয়ার্ড থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করার চিত্র তুলে ধরা হয়।

মহড়ার মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, তথ্য আদান-প্রদান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, কুইক রেসপন্স টিমের কার্যকারিতা, অগ্নিনির্বাপণ, উদ্ধার কার্যক্রম এবং যৌথ অভিযানের সক্ষমতা যাচাই করা হয়।