পাবনায় সার বিতরণ কেন্দ্র ভাঙচুর, ৬১১ বস্তা লুটের অভিযোগ
“ঘটনাটির পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ ওঠেছে।
কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ঘটনায় ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত একটি টিনশেড ঘরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাটমোহর থানার ওসি ওলিউর রহমান বলেন, “পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মাইকিং করে সার নিয়ে যাওয়া ব্যক্তিদের তা দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানানোর কাজ করে। তবে এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনের ওই টিনশেড ঘরে মেসার্স প্রদীপ কুমার পালের ডিলারশিপের সার বিতরণ করা হচ্ছিল। সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি চরম আকার ধারণ করলে উত্তেজিত লোকজন ডিলারের ঘর ভাঙচুর করে ভেতরে থাকা সার নিয়ে চলে যায়। এর ফলে সার বিতরণ কার্যক্রম সম্পূর্ণ ব্যাহত হয়।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ঘটনার সময় ঘরটিতে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছিল। ঘটনার পর বর্তমানে সেখানে ৪০০ বস্তা সার অবশিষ্ট রয়েছে। সেই হিসাবে বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে।
“ঘটনাটির পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”
সার বিতরণের সময় ট্যাগ অফিসার হিসেবে ছিলেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মনিরুল ইসলাম। তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে জানতে ডিলার প্রবীর কুমার পালের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
তবে তার চাচা সঞ্জিত পাল বলেন, “ঘটনার পর প্রবীর মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ভীত হয়ে পড়েছেন।”
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান বলেন, “কৃষি কর্মকর্তা ও ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
