১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পাবনায় গুদাম ভেঙে সার লুট: ১০৭ বস্তা উদ্ধার, যুবক গ্রেপ্তার

“প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 09:38 PM

Updated : 10 Nov 2026, 09:38 PM

পাবনার চাটমোহর উপজেলায় হট্টগোল ও ভাঙচুর চালিয়ে ডিলারের গুদাম থেকে বিপুল পরিমাণ সার লুটের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান চাটমোহর থানার ওসি অলিউর রহমান।

গ্রেপ্তার জহুরুল ইসলাম (২৮) উপজেলার লাঙলমোড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়।

ওসি অলিউর বলেন, বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে অভিযান ও স্বেচ্ছায় ফেরতের মাধ্যমে এ পর্যন্ত ১০৭ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, সোমবার দুপুরে ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে ডিলার প্রদীপ কুমার পালের টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ চলছিল। এ সময় সার নেওয়াকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে হট্টগোল শুরু হয়। একই সময় ছাইকোলা বাজারের অন্য দুই ডিলার সার বিতরণ বন্ধ করে দিলে সব কৃষক প্রদীপ পালের দোকানে এসে ভিড় জমান।

একপর্যায়ে উত্তেজিত জনতা গুদাম ভাঙচুর করে সার লুটপাট শুরু করে। বাধা দিতে গেলে পুলিশ ও ডিলারের লোকজনের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

কৃষি বিভাগ ও ডিলারের হিসাব মতে, গুদামে থাকা ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছিল এবং ৪০০ বস্তা মজুত ছিল। বাকি ৬১১ বস্তা সার লুট হয়ে যায়।

এ ঘটনায় ডিলারের ব্যবস্থাপক নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে সোমবার রাতেই চাটমোহর থানায় অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করেন।

ঘটনার পর জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মাইকিং করে কৃষকদের লুট করা সার ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, “প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।”

এদিকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুরনো খবর:

পাবনায় সার লুট: ২৫০ জনকে আসামি করে মামলা, তদন্ত কমিটি
পাবনায় সার বিতরণ কেন্দ্র ভাঙচুর, ৬১১ বস্তা লুটের অভিযোগ