পাবনায় সার লুট: ২৫০ জনকে আসামি করে মামলা, তদন্ত কমিটি
এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে সার ফেরত চেয়ে এলাকায় মাইকিং করা হয়।
পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল ও ভাঙচুরের পর সার লুটের ঘটনায় অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
এ ছাড়া ঘটনাটি তদন্তে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে সার ডিলারের ম্যানেজার বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন চাটমোহর থানার ওসি ওলিউর রহমান।
তিনি বলেন, ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ মামলাটি করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছে।
সার লুটের ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে রাতেই পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. লুৎফর রহমান সদস্য করা হয়েছে।
কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুনির্দিষ্ট সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনের একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের লাইনে দাঁড়ানো এবং দেরিতে সার দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল শুরু হয়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন, ছাইকোলা বাজারের অন্য দুই ডিলার তাদের সার বিতরণ হঠাৎ বন্ধ করে দেন। এতে আশপাশের লাইনে থাকা সবাই প্রদীপ কুমার পালের দোকানে ভিড় জমান।
দীর্ঘ অপেক্ষা করেও সার না পাওয়ায় কৃষকদের একটি অংশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করেন এবং সেখান থেকে বিপুল পরিমাণ সার জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
ঘটনার পর ডিলারের গুদাম ও স্টক তল্লাশি করে হিসাব মেলানো হয়। এতে দেখা গেছে, গুদামে মোট এক হাজার ১৮১ বস্তা সার ছিল। এর মধ্যে ১৭০ বস্তা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল এবং বর্তমানে ৪১০ বস্তা সার অবিক্রীত অবস্থায় মজুদ রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়ে গেছে বলে ডিলারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
ঘটনার পরপর পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, ইউএনও খালিদ হাসান, কৃষি বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং ওসিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে সার ফেরত চেয়ে এলাকায় মাইকিং করে স্থানীয় কৃষকদের আহ্বান জানানো হয়।
