পাকিস্তান অধিনায়কের স্বপ্নটা এখন আরও বড়
ভারতকে হারাতে নিজেদের স্বাভাবিক খেলার ওপরই জোর দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক আব্দুল্লাহ ইকবাল।
যেকোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠাই অনেক বড় প্রাপ্তি। তবে, পাকিস্তান অধিনায়ক আব্দুল্লাহ ইকবালের চাওয়াটা এখন আরও বেশি। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এসে তিনি ফিরতে চান না খালি হাতে। ভারতকে হারিয়ে উঁচিয়ে ধরতে চান ট্রফি।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাত ৮টায় দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। প্রতিযোগিতাটির ১৫ আসরে, ভারত রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন। পাকিস্তান এবারই প্রথম ফাইনালে উঠেছে।
সাফে দুই দলের পরিসংখ্যান, চলতি আসরের প্রথম দেখা-সবকিছুই পাকিস্তানের প্রতিকূলে। ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করে তারা। এরপর মালদ্বীপকে ৩-০ ব্যবধানে উড়িয়ে, সেমি-ফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে তারা উঠেছে ফাইনালে।
অপরাজিত থেকে ফাইনালে আসা ভারতকে হারাতে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলার ওপরই গুরুত্ব দিচ্ছেন ইকবাল।
“অবশ্যই এটি ফাইনাল, অনেক বড় ম্যাচ। তবে আমাদের এটিকে অন্য সব ম্যাচের মতোই নিতে হবে। কোচ আমাদের যে পরিকল্পনা দিয়েছেন, সেটির ওপর মনোযোগ রাখতে হবে। মাঠে একে অপরকে সহযোগিতা করতে হবে এবং নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে।
“আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। অবশ্য ফাইনাল জেতার চাপ থাকে। আমাদের দেশের জন্য এটি অনেক বড় একটি বিষয়। ইতিহাস গড়ার সুযোগও। এই বিষয়গুলো আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাচ্ছে।”
পাকিস্তানে ক্রিকেট, হকির মতো শক্ত অবস্থান নয় ফুটবলের। সাফের ফাইনাল তাই আব্দুল্লাহর কাছে পাচ্ছে বাড়তি গুরুত্ব। ডেনমার্ক প্রবাসী এই ডিফেন্ডারও দেশে ফিরতে চান সেরা প্রাপ্তি সঙ্গে নিয়ে।
“অবশ্যই, এটি ইতিহাস (ফাইনালে ওঠা)। ফুটবলের দৃষ্টিকোণ থেকে ফাইনালে ওঠা আমাদের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। ইনশাল্লাহ, যদি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে সেটি হবে আরও বড় অর্জন।
“অনেকে হয়তো বলবেন, বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাওয়াটাও আমাদের জন্য বড় অর্জন ছিল। তবে আমি মনে করি, এই অঞ্চলের টুর্নামেন্টগুলোতে অংশ নিলে আমাদের লক্ষ্য থাকে সেরা হওয়া। যদি আমরা শেষ পর্যন্ত যেতে পারি এবং শিরোপা জিততে পারি, তাহলে সেটি হবে অসাধারণ একটি অর্জন।
