বাটলারের অসুস্থতায় নতুন কোচের সন্ধানে বাফুফে
অসুস্থতার কারণে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করলেও, সহকারী কোচ আবুল হোসেনকে দল নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন এই ইংলিশ কোচ।
অসুস্থ হয়ে ইংল্যান্ডে আছেন পিটার জেমস বাটলার। মেডিকেল রিপোর্ট ভালো আসেনি। এ মুহূর্তে তার ঢাকায় ফেরার সম্ভাবনাও নেই। তাই আগামী ডিসেম্বরের শুরুতে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে নারী দলের জন্য কোচের খোঁজে নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিভিন্ন গণমাধ্যমে চাউর হয়েছে বাটলারের ক্যান্সার ধরা পড়ার খবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিসের সাথে আলাপচারিতায় এই ইংলিশ কোচ অবশ্য ‘ব্যক্তিগত গোপনীয়তা’ বজায় রাখার কথা বললেন। দ্রুত সেরে ওঠার আশাবাদও জানালেন তিনি।
“আমি একজন লড়াকু মানুষ। ফিরে আসব। তবে কখন কী হয়, তা তো বলা যায় না। অসুস্থতা সংক্রান্ত বিষয়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ থাকল আপনাদের কাছে।”
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারও বললেন, “পিটার অসুস্থ। এ কারণে ছুটি নিয়ে তিনি ইংল্যান্ডে গেছেন। তার সাথে আমাদের যোগাযোগ রয়েছে। আশা করি, তিনি সুস্থ হয়ে উঠবেন দ্রুত।”
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ডাগআউটে বাটলারের দাঁড়ানোর সম্ভাবনা তাই ক্ষীণ। এ কারণে বাফুফে নতুন কোচের খোঁজে নেমেছে। নিজের শারীরিক অবস্থা বিবেচনায় বাটলারও সম্মতি দিয়েছেন বাফুফেকে।
“এটা নিয়ে আমরা কথা বলেছি। বিকল্প কোচ নেওয়ার জন্য তাদেরকে বলেছি। তারা অনুমতি চেয়েছিল আমার কাছে, আমি বলেছি আমার কোনো সমস্যা নেই। কেননা, আমার সুস্থ হয়ে উঠতে আরও কিছুদিন সময় লাগবে।”
বাটলারের অনুপস্থিতিতে গত ৩০ অক্টোবর থেকে সহকারী কোচ আবুলের অধীনে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে প্রস্তুতি চলছে ঋতুপর্ণা-আফঈদাদের। তাদের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ফরাসি কোচ এরিক মেয়েরের নাম। উয়েফা-এ লাইসেন্সধারী এই কোচের সাথে আলোচনা চলছে বাফুফের।
দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ম্যাচ দুইটি হবে ১ ও ৫ ডিসেম্বর।
