‘অচেনা’ ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে সতর্ক লিভারপুল কোচ
নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর দায়িত্বের প্রথম ম্যাচে অ্যানফিল্ডে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।
লিভারপুলের পুরনো প্রতিদ্বন্দ্বীদের একটি ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ওল্ড ট্র্যাফোর্ডের দলটির বিপক্ষে আসছে ম্যাচটি তাদের জন্য নতুন এক আবহ তৈরি করেছে। নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর হাত ধরে অ্যানফিল্ডে খেলতে আসবে ইউনাইটেড, তাই দলকে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলে দিয়েছেন লিভারপুল কোচ আন্দোনি ইরাওলা।
মাইকেল ক্যারিক বরখাস্ত হওয়ার পর, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন পচেত্তিনো। এই আর্জেন্টাইন কোচের দায়িত্বের প্রথম ম্যাচে রোববার প্রিমিয়ার লিগে লিভারপুলের মাঠে খেলবে ইউনাইটেড।
পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে থাকা ইউনাইটেড অগাস্টের পর থেকে লিগে কোনো জয় পায়নি। তবে ইরাওলার বিশ্বাস, লিভারপুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং নতুন কোচের আগমন দলটির নিষ্প্রভ মৌসুমে নতুন প্রাণ সঞ্চার করতে পারে। শুক্রবার সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকার কথা বলেন তিনি।
“আমাদের এই ম্যাচের গুরুত্ব স্বীকার করতে হবে... তাদের নতুন কোচ আছেন, আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।
“এটা সত্যি যে তাদের এই সামান্য সুবিধাটুকু আছে, আমাদের প্রস্তুতির জন্য কোনো তথ্য নেই, কারণ তারা এমন ভিন্ন পথে যেতে পারে, যা এই মুহূর্তে সত্যিই আমরা জানি না।”
ইরাওলার মতে, ইউনাইটেডের খেলোয়াড়রা নতুন কোচকে মুগ্ধ করার চেষ্টা করবেন এবং লিভারপুলকে ম্যাচের শুরুতেই সেই চ্যালেঞ্জ সামলাতে হবে।
লিভারপুল লিগে চতুর্থ স্থানে আছে এবং সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের সবশেষ আট ম্যাচের ছয়টিতেই জিতেছে, এর মধ্যে রয়েছে লিগ কাপে চেলসির বিপক্ষে পেনাল্টি শুটআউটে জয়ও।
তবে ঘরের মাঠে দলের ফর্ম ইরাওলাকে ক্রমাগত চিন্তায় ফেলছে। কারণ, এই মৌসুমে অ্যানফিল্ডে পাঁচটি লিগ ম্যাচের কেবল একটিতে জিতেছে লিভারপুল।
ইউনাইটেড ২০২৪ সালের সেপ্টেম্বরের পর থেকে লিভারপুলের বিপক্ষে হারেনি। এছাড়া ২০২৩ সালের মার্চে ইয়ুর্গেন ক্লপের দলের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর থেকে অ্যানফিল্ডে অপরাজিত আছে তারা।
