চেলসির বিপক্ষে ভিয়েৎসকে পাওয়ার আশায় লিভারপুল কোচ
দমিনিক সোবোসলাই ও ভিক্তর মুনিয়োসকে নিয়ে অবশ্য আশাব্যাঞ্জক কিছু শোনাতে পারেননি কোচ।
চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ফ্লোহিয়ান ভিয়েৎসের চোট ভাবিয়ে তুলেছে লিভারপুল সমর্থকদের। তবে লিগ কাপের ম্যাচে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে পাওয়ার আশা করছেন কোচ আন্দোনি ইরাওলা।
প্রিমিয়ার লিগে গত রোববার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে দারুণ খেলেন ভিয়েৎস। একটি অ্যাসিস্টও করেন তিনি। কিন্তু অ্যাঙ্কেলে চোট পেয়ে ৬৫তম মিনিটে মাঠ ছেড়ে যান এই জার্মান ফুটবলার।
লিগ কাপের চতুর্থ রাউন্ডে বুধবার ঘরের মাঠে চেলসির মুখোমুখি হবে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়।
ঊরুর চোটের কারণে দলের গত দুই ম্যাচে খেলতে না পারা দমিনিক সোবোসলাই ও ভিক্তর মুনিয়োসকে নিয়ে অবশ্য মঙ্গলবার সংবাদ সম্মেলনে আশাব্যাঞ্জক কিছু শোনাতে পারেননি কোচ।
“আমাদের এখনও অপেক্ষা করতে হবে। আমরা পরে অনুশীলন করব। আমরা (ম্যাচের আগের) এই শেষ দিনটা কাজে লাগাতে চাই। ফ্লোহিয়ান বেশ ভালো আছে…আমি আশাবাদী সে খেলার জন্য প্রস্তুত থাকবে।
“আর দম ও ভিক্তরের বিষয়ে, আমি নিশ্চিত নই। আমি না বলতে চাচ্ছি না, কিন্তু ফ্লোহিয়ানের চেয়ে তাদের অবস্থা জটিল। হ্যাঁ, বিষয়টা এমনই।”
