চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা
দুর্দান্ত ছন্দে থাকা এই ফরোয়ার্ডকে হারানো হান্সি ফ্লিকের দলের জন্য বড় ধাক্কা।
ভিয়ারেয়ালের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয়ের পর একটা ধাক্কা খেয়েছে বার্সেলোনা। অ্যাঙ্কেলের সমস্যায় চ্যাম্পিয়ন্স লিগে আসছে ম্যাচে খেলতে পারবেন না লামিন ইয়ামাল।
লা লিগায় রোববার ভিয়ারেয়ালের বিপক্ষে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ার পর, দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে বার্সেলোনা। কাম্প নউয়ে ম্যাচটি ৩-২ গোলে জিতেছে তারা।
দুই গোল হজমের পর পেনাল্টি পেয়েও সেটা কাজে লাগাতে পারেননি ইয়ামাল। তবে সেই হতাশা সামলে পরে আক্রমণের ঝড় তোলেন তিনি ও তার সতীর্থরা। ম্যাচের পুরোটা সময় খেলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড, কিন্তু পরে অ্যাঙ্কেলে অস্বস্তি বোধ করেন।
এই কারণেই আগামী বুধবার ইউরোপ সেরার মঞ্চে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে ইয়ামাল খেলতে পারবেন না, সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সেলোনা।
তবে ইয়ামালের সমস্যা তেমন ‘গুরুতর কিছু নয়।’ আগামী রোববার লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করছে কাতালান ক্লাবটি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের ১৭ ম্যাচের সবগুলোয় শুরুর একাদশে খেলেছেন ইয়ামাল, ১৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। তাই এমন দুর্দান্ত ছন্দে থাকা একজন খেলোয়াড়কে হারানো বড় ধাক্কাই বটে।
চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে অবশ্য বেশ শক্ত অবস্থানেই আছে বার্সেলোনা, চার ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।
আর লা লিগায় ১৩ ম্যাচের ১২টি জিতে ৩৬ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে হান্সি ফ্লিকের দল।
