২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় জাদুঘর: নতুন করে সাজবে ৪৬ গ্যালারি, ছয় মাসে দৃশ্যমান পরিবর্তনের পরিকল্পনা

এই ভাবনাকে সামনে রেখে ১১৩ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান সবার কাছে জানতে চেয়েছে, জাতীয় জাদুঘর দেখতে কেমন হওয়া উচিত?

জাতীয় জাদুঘর: নতুন করে সাজবে ৪৬ গ্যালারি, ছয় মাসে দৃশ্যমান পরিবর্তনের পরিকল্পনা

ছবি: জাতীয় জাদুঘরের ফেইসবুক পেইজ।

নিফাত সুলতানা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 08:51 AM

Updated : 21 Nov 2026, 08:51 AM

রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের প্রবেশপথ কেমন হলে একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রাণকেন্দ্রের মর্যাদা পায়, সম্প্রতি সেই প্রশ্ন তুলেছিলেন এক দর্শনার্থী। জাদুঘরের প্রধান ফটকের একটি এআই নির্মিত ছবি দিয়ে নিজের ভাবনা তুলে ধরেছিলেন তিনি।

এবার সেই ভাবনাকে সামনে রেখে ১১৩ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান সবার কাছে জানতে চেয়েছে, জাতীয় জাদুঘর দেখতে কেমন হওয়া উচিত।

জাদুঘর কর্তৃপক্ষ বলছে, এরইমধ্যে জাদুঘরের আধুনিকায়নে নতুন উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৪৬টি গ্যালারির উপস্থাপনা নতুন করে সাজানো হচ্ছে। সব ঠিক চললে আগামী ৬ মাসের মধ্যে গ্যালারিগুলোর উপস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসবে। পাশাপাশি নতুন ভবন ও আধুনিক প্রবেশপথসহ একটি মাস্টার প্ল্যান উন্নয়ন প্রকল্প হিসেবে অনুমোদনের অপেক্ষায় আছে।

এদিকে সরেজমিনে জাদুঘরে ঘুরে দেখা গেছে, গ্যালারির আলো থেকে শুরু করে নিদর্শনের পাশের তথ্য, দেশীয় সংগ্রহ ও বিশ্রামের ব্যবস্থা নিয়ে দর্শনার্থীদের নানা অভিযোগের পাশাপাশি বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা রাখেন তারা।

যেভাবে এল এই আহ্বান

জাতীয় জাদুঘর তাদের ফেইসবুক পেইজে গেল ৬ নভেম্বর এক পোস্টে মেইলে দর্শনার্থীদের কাছে ভাবনার বর্ণনা, ইলাস্ট্রেশন, অঙ্কন কিংবা এআই দিয়ে বানানো ছবি পাঠানোর আমন্ত্রণ জানায়।

এই উদ্যোগ নিয়ে জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব বলেন, “আমরা মজার একটা পোস্ট পেয়েছিলাম, এআই দিয়ে জাদুঘর নিয়ে একজন দর্শনার্থী পছন্দমত গেইট বানালেন। আমরা ভাবলাম শুধু গেইট কেন, গ্যালারিসহ পূর্ণাঙ্গ জাদুঘর আপনারা কীভাবে দেখতে চান জানান।

“কিন্তু আমরা এখন 'অ্যাকটিভ লিসেনার' হয়ে গেলাম। আমরা কান পেতে শুনছি কী কী পরিবর্তন হওয়া দরকার; যেটা জরুরি ছিল। ফলে জাদুঘরের প্রতি আমার মনে হয় দর্শনার্থীদের ওনারশিপ বৃদ্ধি পাচ্ছে এবং আমরাও শিখতে পারছি তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষা নিয়ে।”

কতজন সাড়া দিয়েছেন জানতে চাইলে মহাপরিচালক বলেন, “আজ (বুধবার) অবধি কতজন হয়েছে আমি জানি না, তবে প্রতিদিনই শুনেছি দু-চারজন করে লিখছেন, ছবি দিচ্ছেন। আমরা একসঙ্গে সেটা পর্যবেক্ষণ করব। অনেকে এই উদ্যোগের প্রশংসা করেছেন। অনেকে আইডিয়া দিচ্ছেন, সেটা আমাদের জন্য একটা পজিটিভ অ্যানার্জি তৈরি করেছে। আমাদের প্রতি একটা এক্সপেকটেশনও তৈরি করেছে।”

Image

ছবি: জাতীয় জাদুঘরের ফেইসবুক পেইজ।

মত চাওয়াটি প্রচারণার অংশ কি না প্রশ্নে তার ভাষ্য, “প্রচারণা এবং শেখার অংশ। দুপক্ষই শিখতে চাচ্ছি আমরা।”

যে দর্শনার্থীর পোস্ট জাদুঘরের চোখে পড়েছে তিনি হলেন অবসরপ্রাপ্ত মেজর ও লেখক ডেল এইচ খান। গেল অক্টোবরে এআই নির্মিত গেইটের ছবি তিনি ফেইসবুকে পোস্ট করেছিলেন। কোন ভাবনা থেকে তিনি এই পরিবর্তন চেয়েছিলেন তা জানতে কথা হয় এইচ খানের সঙ্গে।

তিনি বলেন, “আমি শ্রীলঙ্কাতে ন্যাশনাল মিউজিয়াম দেখতে গেছি, তারপর থাইল্যান্ডে গেলাম, মালয়েশিয়াতে গেলাম। তো এই এশিয়ান দেশগুলোর জাতীয় জাদুঘরের প্রবেশপথ দেখলেই বোঝা যায় একটা ন্যাশনাল মিউজিয়াম, একটা ঐতিহ্যের জায়গা, সেই জায়গাটার ব্যাপারে তারা কতটা সিরিয়াস।

“সেই প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জাদুঘরের যে প্রবেশপথ এবং ভেতরে যাওয়ার যে অংশটা, এটা কি আদৌ একজন ইতিহাসপ্রেমি অথবা সাধারণ দর্শককে আকর্ষণ করার মত কিছু? ওখানে একটা ছোট্ট বক্সের মত আছে, যেটা ওপরে সম্ভবত ওই যে সাইনবোর্ড অথবা নোটিশবোর্ডটা রাখে। তো ওটা নিচের দিকে ক্ষয়ে গেছে এবং জিনিসটা অপরিষ্কার। আমি গত পরশুদিনও শাহবাগে গিয়ে দেখলাম, এখনো ওই ভাঙা বাক্সটা ওখানেই আছে।

“আমার কাছে যেটা আফসোস লেগেছে, জাতীয় জাদুঘরটা রক্ষণাবেক্ষণের জন্য সরকার প্রতি বছর কিন্তু তহবিল দেয়। কিন্তু কখনো কি কেউ অডিট করে দেখেছে, এই তহবিল আসলে কোথায় যায়?, জাদুঘরের মূল যে জায়গাটা শুরু হয়েছে ওর মাঝখানে অনেকটা জায়গা আছে। সেখানে আর্কিটেক্ট যারা আছে, যারা চমৎকার চমৎকার বিল্ডিং ডিজাইন করে, তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে এটা অনেক সুন্দর ও ঐতিহাসিক করা যায়।”

দর্শনার্থীরা কী বলছেন

জাদুঘরে ঘুরে দেখা যায়, নিদর্শনের পাশের লেখা, আলো, দেশীয় সংগ্রহ ও নতুনত্ব নিয়ে দর্শনার্থীদের নানা অভিযোগ আছে।

কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী বুধবার এসেছিলেন জাদুঘর পরিদর্শনে। জাদুঘরে কেমন পরিবর্তন দেখতে চান প্রশ্নে তাদের একজন ফজলে রাব্বি বলেন, “বইয়ে জাদুঘর নিয়ে তেমন কিছু পড়িনি। প্রথমবার দেখতে এলাম। কেমন হওয়া উচিত সেই ধারণা আমাদের নেই। তবে উনারা বড় ভালো বুঝবেন পরিবর্তনের জায়গা কোনগুলি জরুরি। আমাদের জাদুঘর বিশ্বের কাছে আরও আকর্ষণীয় হতে হবে। ঐতিহাসিক কিছু করলে ভালো হয়।”

বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির তিন বন্ধু নিদর্শন ঘুরে দেখতে এসেছেন। জাদুঘরে সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ কী লেগেছে প্রশ্নে তাদের একজন তানভীর বলেন, “ভালো লেগেছে অনেক কিছু দেখেছি, যা আগে কখনো দেখা হয়নি। তবে গ্যালারির ভেতরে আলো খুবই কম, কিছু কিছু জায়গায় লাইট নষ্ট, মানে নিভে যাচ্ছে, জ্বলছে। কিছু গ্যালারিতে এত কম আলো যে নিদর্শনের পাশের লেখা পড়তেই কষ্ট হয়। অক্ষরও ছোট।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থী জাদুঘরের গ্যালারির নির্দেশনের পাশে কিউআর কোড রেখে আরও আধুনিকায়ন করার পরামর্শ দেন।

তারা বলেন, “সবকিছুই ভালো লেগেছে। কিন্তু প্রত্যেকটা নিদর্শনে শুধু একটা লেবেল বা অল্প কথায় নিদর্শনটি নিয়ে লেখা। কিন্তু সেটার ইতিহাস নিয়ে তেমন কিছু দীর্ঘ লেখা নেই। একটা মূর্তি বা মুদ্রা কেন গুরুত্বপূর্ণ, সেটা বুঝতে পারি না। এসবের পাশে একটা কিউআর কোড থাকতে পারত, যেটা স্ক্যান করে ফোনেই পুরো গল্পটা পড়া যেত। আমরা জানতে পারতাম। এসব দিক আধুনিকায়ন খুব দরকার।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন মারিয়া সুলতানা। তিনি বলেন, “আমি আগের বস্ত্র বুননের ইতিহাস মানে আঠারো শতক, উনিশ শতকে তাঁতবস্ত্রের ইতিহাস, কাপড়ের ধরন, ডিজাইন জানতে এসেছিলাম। কিন্তু কিছুটা হতাশই হয়েছি। দেশীয় পোশাকের সংরক্ষণ কম; খুবই অপর্যাপ্ত। জামদানি, কলাবতীসহ কিছু কিছু কালেকশন আছে। কিন্তু আমাদের দেশের বিভিন্ন স্থান ভেদে বেশ কিছু ঐতিহ্য আছে, তাদের নিজস্ব কাপড় আছে সেগুলোর সংরক্ষণ কম। এগুলো আরও বাড়ানো দরকার। জাতীয় নৃগোষ্ঠী অংশটায়ও ঘুরলাম, দেখলাম অনেক কিছু নেই।”

কুমিল্লার মুরাদনগর থেকে এসেছেন স্কুল শিক্ষক রিফাত সরকার, প্রত্নতত্ত্ব নিয়ে আগ্রহ থেকে ঢাকায় এলে জাদুঘরে ঘুরে যান তিনি। তবে নতুনত্ব কিছু পান না বলে ভাষ্য তার।

তিনি বলেন, “গ্যালারির সাজ বছরের পর বছর প্রায় একই। নতুনত্ব কম। আমি বিভিন্ন বিষয় নিয়ে প্রত্নতত্ত্ব নিয়ে জানতে চাই বলে এখানে নতুন কী আছে দেখার জন্য আসি। নতুন কিছু না থাকলে বারবার আসার কারণ থাকে না। মাঝেমধ্যে বিশেষ প্রদর্শনী বা বিষয়ভিত্তিক আয়োজন থাকলে ভালো হত। এছাড়া আমরা অনেক দূর থেকে এসেছি, সারাদিন ঘুরে আবার চলে যাব। বিশ্রাম কক্ষে এসি নষ্ট, ফ্যান দেওয়া কিন্তু পর্যাপ্ত বাতাস নেই।”

কী কী পরিবর্তন দরকার, প্রশ্নে রিফাত বলেন, “বিভিন্ন দেশের জাদুঘর আরও আধুনিক, আরও ঐতিহ্যমণ্ডিত। আমাদের মনে হয় সরকারের জাদুঘরে নজর দেওয়া উচিত। প্রবেশ গেইট থেকে শুরু করে পরিবর্তনের অনেক কিছুই আছে। সেগুলোতে ধীরে ধীরে হলেও উন্নয়ন আনা খুবই দরকার।”

দর্শনার্থীদের এসব অভিযোগ বা মতামত নিয়ে জাদুঘরের মহাপরিচালক বলেন, “এই জাদুঘরের উপরের তিনটা তলা যদি দেখেন ভবনে, ভালো লাগবে না উপস্থাপনা। এখনো সেই পুরোনো আমলের ধাঁচে ফার্নিচার, ডিসপ্লে, আলোর ব্যবহারটা ভালো না। এই কারণে কাজ ঠিকমত দেখা যায় না।”

আলো কম থাকার অভিযোগ নিয়ে তিনি বলেন, “ঠিক। কারণ এখানে প্রফেশনাল গ্যালারির লাইট ব্যবহার করা হয় না। কিন্তু আপনি যদি নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে যান, আমরা কিন্তু আধুনিক আলোর ব্যবহার শুরু করে দিয়েছি। সেখানে কিউরেশন বা উপস্থাপনা একটু বেটার? কেননা ওখানে ইন্টেরিয়র কিন্তু আমরা ঠিক করেছি, প্রফেশনাল লাইটিং করেছি। এইটা যে নিচতলায় যেহেতু করেছি, ধাপে ধাপে প্রত্যেকটা তালায়ই হবে।

“এখন গ্যালারিগুলোতে ঢুকলে কিছুটা রিজার্ভ গ্যালারির মত মনে হয়। মানে আমার সংগ্রহ আছে, রিজার্ভ আছে, গ্যালারিতে শুধু প্রদর্শন করছি, আর টিকার মত করে পাশে একটা লেবেলে তার যতটুকু তথ্য না থাকলেই নয় সেটা লিখছি। এতে খুব বেশি আগ্রহ তৈরি করার মত গল্প বলা হচ্ছে না, জানাও হচ্ছে না। ইতিহাসটা পাঠ করা যাচ্ছে না।”

নিদর্শনের পাশে কিউআর কোডের দাবির প্রসঙ্গে তানজিম ইবনে ওয়াহাব বলেন, “বেশিরভাগ দেশে অডিও বুক, অডিও গাইড কত একটা কমন ব্যাপার। কিউআর স্ক্যান থাকে। তো এগুলো সব হবে। এখন এগুলো তো আসলে অনেক কিছুই হয়নি। একটু সময় লাগছে আমাদের প্রস্তুতি এবং গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু সামনের ছয় মাসে আপনারা দ্রুত এই বিষয়গুলো দেখতে পারবেন।”

ডিজিটাল মাধ্যমের ব্যবহার নিয়ে তিনি বলেন, “নতুন উপস্থাপনায় এই বয়ানের টেক্সট গুরুত্ব পাচ্ছে, সেখানে ডিজিটাল ডিভাইসেস গুরুত্ব পাবে। গল্প বলার তো অনেক ধরন আছে, এখন তো মাল্টিমিডিয়া স্টোরিজ হয় বা মিউজিয়াম এক্সপ্লেইনার সিরিজের মাধ্যমে আমরা গল্পগুলো বলার চেষ্টা করব।”

তবে কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। মহাপরিচালক বলেন, “আমাদের তো রিসোর্স সীমাবদ্ধ। তার মানে এটার একটা বাজেট লাগে, এটার একটা প্রশিক্ষণ লাগে। সাপ্তাহিক ছুটির দিনে মাঝে মাঝে ১০ হাজার দর্শনার্থী আসে। বড় একটা সংখ্যা। তো সেই হিসেবে আমরা যথেষ্ট টয়লেট সুবিধা দিতে পারছি না। এমন নানা অভিযোগ আছে, আমরা সেগুলো খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করছি।”

'নতুন ভবন' ও উন্নয়ন প্রকল্প হিসেবে অনুমোদনের অপেক্ষায়

প্রত্যাশার কথা জানিয়ে মহাপরিচালক ওয়াহাব বলেন, “জাতীয় জাদুঘরে অনেক দিনে একটা প্রকল্পের কাজ চলছে, মাস্টার প্ল্যান, মানে এই ভবনটা থাকছে কিন্তু এর সঙ্গে নতুন ভবন হবে। সেটা নকশা করা আছে। সেটা উন্নয়ন প্রকল্প হিসেবে পাসের জন্য আমরা মন্ত্রণালয়ে দিয়ে রেখেছি। সেখানে এক্সপেরিমেন্টাল গ্যালারি, কিউরেটর থাকবে, নতুন গ্যালারি পাব, জায়গা বাড়বে, তাতে প্রদর্শনীগুলো আরও ভালো মানের হবে। আশা করছি আগামী বছরের কোনো একনেক সভায় প্রকল্পটির অনুমোদন পাব।”

বর্তমানে জাদুঘরের সংগ্রহ নিয়ে মহাপরিচালক বলেন, “আমরা ১১৩ বছরের একটা পুরোনো জাদুঘর। নলিনীকান্ত ভট্টশালীর হাতে জাদুঘরটা তৈরি হয়েছে, অসম্ভব গুরুত্বপূর্ণ সংগ্রহের মাধ্যমেই উনি জাদুঘরটা তৈরি করেছেন। জাদুঘরের এই ভবনটার বয়সও ৪৩ বছর। আমাদের সংগ্রহশালায় ৯৬ হাজারের বেশি সংগ্রহ আছে। সেটা এখন এক লাখের বেশি ছাড়িয়ে যেতে পারে।”

Image

ছবি: জাতীয় জাদুঘরের ফেইসবুক পেইজ।

ছয় মাসে কী বদলাবে

নতুন উন্নয়ন প্রকল্পে কী কী দৃশ্যমান হবে প্রশ্নে মহাপরিচালক বলেন, “আমাদের ৪৬টা গ্যালারি আছে। গ্যালারিগুলোর উপস্থাপনায় যাতে একটা ছোট শিশু থেকে শুরু করে একজন সাধারণ দর্শক, একজন গবেষক, একজন ইতিহাস সচেতন দর্শক এসে খোরাক পান, জানতে পারেন। আমাদের সংগ্রহ সম্পর্কিত তথ্য, তার সময়কাল ধরে ইতিহাসের বয়ানটা যাতে আরও সমৃদ্ধ করতে পারি, এ জন্য নতুন করে উপস্থাপনা করছি।”

বর্তমানে জাতীয় জাদুঘরে কোনো কিউরেটর পদই নেই, এখনো ওটা কিপার পদ। অথচ প্রতিটি আধুনিক জাদুঘরে একজন কিউরেটর লাগে। এ বিষয়ে মহাপরিচালক বলেন, “কিউরেটর তো নানা বিষয়ে গবেষণা করেন এবং একটা গবেষণাধর্মী উপস্থাপনা করেন। বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করছি, তাদেরকে নিয়ে আমরা গবেষণা কমিটি তৈরির মাধ্যমে, তারা আমাদেরকে নানা সময় সমৃদ্ধ করবেন।”

বিশেষ চাহিদাসম্পন্ন ও শিশুদের জন্য উদ্যোগের কথাও জানান তানজিম ইবনে ওয়াহাব। তিনি বলেন, “আগামী মাস থেকে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ফ্যাসিলিটিগুলো উন্নত করব। সপ্তাহে প্রতি মঙ্গলবারকে আমরা বলি যে চিলড্রেন ডে। শিশু-কিশোররা যারা আসে স্কুল থেকে ওরা বিনামূল্যে এখানে জাদুঘর দেখতে পারে এবং ওদের জন্য বিশেষায়িত গাইড থাকে।

“আমরা সামনে সপ্তাহের আরেকটি দিনকে বলব ‘ইনক্লুসিভ ডে’। এই দিনটাতে আমরা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জাদুঘরে আনব এবং বিশেষায়িত গাইড থাকবে।”