২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

শাহজালালে সহযাত্রীর লাগেজ চুরি, গ্রেপ্তার ১

এপিবিএন বলেছে, সিসিটিভির ভিডিও বিশ্লেষণ করে জসিমকে চুরির ঘটনায় শনাক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 08:00 PM

Updated : 21 Oct 2026, 08:24 PM

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানফেরত তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

চুরি যাওয়া মালামালসহ তিনটি লাগেজ উদ্ধার করা হয়েছে বলে বুধবার এপিবিএনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মঙ্গলবার চাঁদপুরের কচুয়া থেকে আসামি জসিমকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়। জসিম নিজেও ভুক্তভোগীদের সঙ্গে একই ফ্লাইটের যাত্রী ছিলেন বলে এপিবিএনের তথ্য।

এপিবিএন বলেছে, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে নামেন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিব। বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করতে গিয়ে দেখেন তাদের লাগেজ নেই।

বিষয়টি ইউএস-বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে এপিবিএনের নজরে আসে। পরে বিমানবন্দর এলাকার সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে একই ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় শনাক্ত করা হয়।

এ ঘটনায় এয়ারলাইন্স কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে ২০ অক্টোবর বিমানবন্দর থানায় মামলা করেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, “বিমানবন্দর এলাকায় চুরি ও যেকোনো অপতৎপরতা দমনে এপিবিএন সর্বদা সতর্ক রয়েছে। বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত অপরাধ, চোরচক্র ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”