২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে বোমা: ছাত্রলীগ-যুবলীগের ৩ কর্মী গ্রেপ্তারের দাবি পুলিশের

গ্রেপ্তারদের কাছ থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভিডিও করার ফোন উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 03:52 PM

Updated : 26 Nov 2026, 03:52 PM

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিলের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া যুবকরা ছাত্রলীগ ও যুবলীগের কর্মী বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন- বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মেহেদী হাসানের ছেলে শরীফুল ইসলাম শামীম (২৩), খুলনার লবণচোরা এলাকার মো. আলতাফ হোসেনের ছেলে মাহমুদুন নবী (৩১) এবং ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে মেহেদী হাসান রাসেল (২৬)।

পুলিশ সুপার বলেন, বুধবার দিনভর বাগেরহাট ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ১৮ নভেম্বর রাতে ফকিরহাটের ছোট বাহিরদিয়া গ্রামে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে তিনটি পেট্রোল বোমা ছোড়া হয়। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়। অন্যটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেট্রোল বোমা ছোড়ার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন পুলিশ সুপার।

তার ভাষ্য, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও বোমা ছোড়ার ভিডিও করায় ব্যবহৃত ফোনটিও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আর কারা জড়িত, তা জানতে পুলিশ তদন্ত করছে।

এ ঘটনায় ১৯ নভেম্বর মিল্কভিটার চেয়ারম্যানের চাচা মোবারক ফকির ফকিরহাট থানায় মামলা করেন। মামলায় দুজনের নাম দিয়ে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করা হয়েছে।

পুরনো খবর:

বাগেরহাটে মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ