২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ‘সোনার ডিম’সহ গ্রেপ্তার দুই জন স্বীকারোক্তির পর কারাগারে

শাহজালাল বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেইট এলাকা থেকে গেল ২১ নভেম্বর তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 06:28 PM

Updated : 27 Nov 2026, 06:28 PM

শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির ‘সোনার পেস্ট’সহ গ্রেপ্তার ৩ জনের মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই শফিকুল ইসলাম শুক্রবার ৩ আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার ইয়াছিন আরাফাত সৌরভ এবং কুমিল্লার বরুড়া উপজেলার শাওন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং আরেক আসামি নোয়াখালীর সুধারাম উপজেলার জাকিরুল ইসলাম জুয়েলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ আসামি সৌরভ এবং শাওনের জবানবন্দি রেকর্ড করেন। পরে একই আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগেরর এসআই সাইফুল ইসলাম।

শাহজালাল বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেইট এলাকা থেকে গেল ২১ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে ১৫টি ডিম্বাকৃতির সোনার পেস্টসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করেন এসআই আবুল কালাম।

পরদিন তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে সৌরভের তল্লাশি করে ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো সোনার পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট; ওজন সাত কেজি ৫০০ গ্রাম।

এপিবিএনের দাবি, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ও শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় পাচার করতেন।

১৫ ‘সোনার পেস্ট’সহ গ্রেপ্তার তিনজনের ৫ দিনের রিমান্ড

শাহজালালে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩