২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ ‘সোনার পেস্ট’সহ গ্রেপ্তার তিনজনের ৫ দিনের রিমান্ড

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 06:17 PM

Updated : 22 Nov 2026, 06:17 PM

ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির ‘সোনার পেস্ট’সহ গ্রেপ্তার তিনজনকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন রোববার এ আদেশ দেন বলেন জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—মুন্সীগঞ্জ সদর উপজেলার ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার শাওন (৩৯)।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেইট এলাকা থেকে সোনার পেস্টসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দর থানার এসআই আবুল কালাম।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই শফিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সৌরভের পক্ষে তার আইনজীবী রনজুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেছিলেন। তবে অপর আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না বলে জানিয়েছেন এসআই সাইফুল ইসলাম।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে সৌরভের দেহ তল্লাশি করে কোমরে ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো সোনার পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা ২৪ ক্যারেট; ওজন সাত কেজি ৫০০ গ্রাম।

এপিবিএন বলছে, সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ও শাওনসহ দেশের অন্য ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন।

পুরনো খবর:

শাহজালালে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩