২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, সাড়াই দেননি কিম জং উন

ফোন ধরছেন না, এমনকি চিঠিও না খুলেই ফেরত পাঠাচ্ছেন কিম জং উন। মার্কিন প্রেসিডেন্টের সব কূটনৈতিক চেষ্টা উপেক্ষা করে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে উত্তর কোরিয়া

যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, সাড়াই দেননি কিম জং উন

ডনাল্ড ট্রাম্প ও কিম জং উন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 10:11 PM

Updated : 22 Nov 2026, 10:11 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বারবার যোগাযোগের চেষ্টা উপেক্ষা করেই নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে দুই দেশের এই নতুন কূটনৈতিক টানাপোড়েনের চিত্র সামনে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প গত বছর অফিশিয়াল ফোনের লাইন এবং অন্যান্য কূটনৈতিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে কেউই কোনও সাড়া দেয়নি।

এরপর কিমকে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগতরা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন যে, হোয়াইট হাউজের কর্মকর্তারা নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত জাতিসংঘের উত্তর কোরীয় দপ্তরের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন।

মার্কিন কর্মকর্তাদের একটি দল দপ্তরের বাইরে অপেক্ষা করছিলেন। উত্তর কোরিয়ার একজন কূটনীতিক যখন তাদের পাশ দিয়ে হেঁটে যান, তখন তারা দ্রুত তার হাতে চিঠিটি তুলে দেন। তবে পরে জাতিসংঘের একটি বৈঠক চলাকালে ওই কূটনীতিক চিঠিটি না খুলেই একজন মার্কিন প্রতিনিধির কাছে সেটি ফিরিয়ে দেন।

ট্রাম্পের প্রথম মেয়াদে এই দুই নেতা তিনবার সাক্ষাৎ করেছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে রাজি করানো। কিন্তু এখন প্রতীয়মান হচ্ছে যে, এমন করার কোনও আগ্রহই কিমের নেই। এমনকি ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনরায় গড়ে তুলতেও তিনি অনিচ্ছুক বলেই ধারণা করা হচ্ছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সম্প্রতি এশিয়া সফরের সময় কিমের সঙ্গে আরেকটি বৈঠকের আয়োজনের চেষ্টা করেছিলেন। শেষ মুহূর্তে উভয় পক্ষই বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিল। তবে কিম এমন কিছু শর্ত দিয়েছিলেন যা যুক্তরাষ্ট্র মেনে নিতে পারেনি।

গত বছরের একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনেও এই সমস্যার আভাস দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, “কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার কোনও ইচ্ছাই কিমের নেই।”

২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে কিমের শেষ সাক্ষাতের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত আনুমানিক ২০-৩০টি ওয়ারহেড থেকে বেড়ে প্রায় ৬০টিতে দাঁড়িয়েছে।

দেশটি সলিড-ফুয়েল (কঠিন জ্বালানিচালিত) আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।