১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

উত্তর কোরিয়া জানিয়েছে, তারা এই মুহূর্তে এ ধরনের আলোচনার কোনো প্রয়োজন দেখছে না।

চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

দক্ষিণ কোরিয়ার পানমুনজোমে, দুই কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে আয়োজিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ফাইল ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:52 AM

Updated : 17 Nov 2026, 10:52 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহে তিনি চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এটি এমন একটি ঘোষণা, যা তার পূর্ব এশিয়া সফরকে নাটকীয়ভাবে নতুন রূপ দিতে পারে।

এর আগে ২০১৭-২০২১ সালের প্রথম মেয়াদে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছিলেন। কিন্তু তার ওই নজিরবিহীন প্রত্যক্ষ কূটনীতি কিমকে তার পারমাণবিক কর্মসূচী থেকে সরে আসতে রাজি করাতে ব্যর্থ হয়েছিল।

বর্তমান মেয়াদেও ট্রাম্প বারবার কিমের সঙ্গে আরেকটি বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু কিমের সঙ্গে কিছু বৈঠকের আভাস দেওয়া হলেও শেষ পর্যন্ত সেগুলো আর আনুষ্ঠিত হয়নি। এর মধ্যে গত বছরের এশিয়া সফরের সময়ের একটি সম্ভাব্য বৈঠকও অন্তর্ভুক্ত ছিল।

যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অন্য কোনো বৈঠক করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই। অপরদিকে উত্তর কোরিয়া জানায়, তারা এই মুহূর্তে আলোচনার কোনো প্রয়োজন দেখছে না আর তারা যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক নীতিগুলোর নিন্দা জানায়।

ফিলিপিন্স ও চীনের পথে হোয়াইট হাউজ ছাড়ার সময় ট্রাম্প সাংবাদিকদের জানান, কোনো বৈঠক হলে তা চীনেই হবে আর উত্তর কোরিয়ার নেতার উপস্থিতির বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

ট্রাম্প বলেন, “(শি) সেখানে আছেন আর আমরা (রাশিয়ার) প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করতে যাচ্ছি আর আমরা কিম জং উনের সঙ্গেও বৈঠক করতে পারি। তাই এটা বেশ ভালো হবে। আমাদের অনেক কিছু অর্জন করার সুযোগ আছে।”

ট্রাম্প কিমের কথা উল্লেখ করে বলেন, “তিনি আসতে পারেন। আমি জানি না। সেটি প্রেসিডেন্ট শি’র ওপর নির্ভর করছে।”

ট্রাম্পের এসব উক্তির বিষয়ে জাতিসংঘে উত্তর কোরিয়ার কূটনৈতিক মিশনকে রয়টার্স মন্তব্য করার অনুরোধ জানালেও তারা সাড়া দেয়নি।

সোমবার ক্রেমলিন জানিয়েছে, চলতি সপ্তাহে চীনে অ্যাপেক সম্মেলনের ফাঁকে পুতিন, ট্রাম্প ও শিয়ের মধ্যে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, তা বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতিতে ‘বড় ধরনের প্রভাব ফেলবে’।

ট্রাম্প জানিয়েছেন, তিনি শি ও পুতিনের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান ও ইউক্রেন সংকটের পাশাপাশি বাণিজ্য ও অর্থনীতি নিয়ে কথা বলবেন।

তবে মার্কিন কর্মকর্তা এবং বিশ্লেষকরা এই বৈঠক থেকে বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন।

পুরনো খবর:

ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন ট্রাম্প, শি, পুতিন