পুতুলের পদে নির্বাচন: ঢাকার সমর্থন চাইলেন ভুটানের প্রার্থী
দুমাস আগে এ পদে ঢাকার সমর্থন মালদ্বীপের প্রার্থীকে দেওয়ার কথা বলেছিলেন হুমায়ুন কবির।
জালিয়াতির অভিযোগ ওঠার পর সায়মা ওয়াজেদ পুতুলের ছেড়ে দেওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদের নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়েছেন ভুটানের প্রার্থী।
আগামী জানুয়ারিতে হতে যাওয়া এ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী সাংগেই এনজেদুপকে প্রার্থী করেছে ভুটান।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করে ভোটে বাংলাদেশের সমর্থন চান সাংগেই এনজেদুপ।
ভুটান ভোট চাওয়ার দুমাস আগেই এই পদের নির্বাচনে ঢাকার সমর্থন মালদ্বীপের প্রার্থীকে দেওয়ার কথা বলেছিলেন হুমায়ুন কবির।
বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে যাওয়া আহমেদ জামসিদ মোহাম্মদকে ওই পদের জন্য মনোনয়ন দিয়েছে মালদ্বীপ।
ডব্লিউএইচও এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালিয়াতির তদন্তের মুখে ৯ সেপ্টেম্বর সংস্থার মহাপরিচালক বরাবর পদত্যাগপত্র জমা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ২০২৩ সালের নভেম্বরে পুতুল ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পাঁচ বছরের জন্য ওই দায়িত্ব নেন।
চব্বিশের জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আসা অন্তর্বর্তীকালীন সরকারের অভিযোগে মুখে ২০২৫ সালের ১১ জুলাই থেকে তাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছিল।
এভাবে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে স্বাধীন তদন্ত চেয়ে গত ২০ অগাস্ট সংস্থার মহাপরিচালক বরাবর চিঠিও দিয়েছিলেন তিনি। এরপর তার পদত্যাগের খবর আসে।
সেই খবর দিয়ে ৯ সেপ্টেম্বর দুই কর্মকর্তার বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সংস্থাটি পুতুলকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছিল।
নাম প্রকাশ না করে তারা বলেন, আগামী ১২ অক্টোবর নতুন মনোনয়নের ঘোষণা দেওয়া হবে। এরপর ডিসেম্বরে আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ২৪ জানুয়ারি নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচন করা হতে পারে।
ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকরা বিশ্বের অন্যতম প্রভাবশালী স্বাস্থ্য নীতি নির্ধারক হিসেবে বিবেচিত হন। বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার সদস্য রাষ্ট্রগুলোর ভোটে পাঁচ বছরের জন্য এ পদে প্রতিনিধি নির্বাচন করা হয়। ২০২৩ সালের নির্বাচনে ১০ ভোটের মধ্যে ভারতের ভোটসহ আটটি ভোট পেয়েছিলেন পুতুল।
পুতুলের পদত্যাগের পর ১৩ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন বলেন, ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে পুতুলের নিয়োগ ছিল ‘দুঃখজনক ও লজ্জাজনক’।
তিনি বলেন, “এমন একটি উচ্চপর্যায়ের পদের জন্য তার প্রয়োজনীয় বিশ্বাসযোগ্য যোগ্যতা, অভিজ্ঞতা বা দক্ষতা সেভাবে ছিল না। যোগ্যতা ও অভিজ্ঞতাকে ভুলভাবে উপস্থাপন করেছেন তিনি।”
ওই পদে পরবর্তী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে এক প্রশ্নে মালদ্বীপের প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা তুলে ধরে হুমায়ুন কবির বলেছিলেন, “মালদ্বীপের প্রার্থীর ভালো যোগ্যতা রয়েছে। আশা করি, অদূর ভবিষ্যতে এটি (ডব্লিউএইচওর আঞ্চলিক কার্যালয়) ভালো একজনের হাতে যাবে।”
রোববার প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রার্থীর সাক্ষাতের তথ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিজের প্রার্থিতা এবং ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য রাষ্ট্রগুলোর জনস্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে তার লক্ষ্যমাত্রা সম্পর্কে সাংগেই এনজেদুপ প্রতিমন্ত্রীকে ব্রিফ করেছেন।”
১৯৯৯ এবং ২০০৫-০৬ সালে দুই দফায় ভুটানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাংগেই এনজেদুপ। ভুটান রাজ পরিবারের এই জামাতা ভুটানের স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর আসনেও ছিলেন।
