বিমা খাতে ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি: উপদেষ্টা তিতুমীর
দেশের ঋণ পরিস্থিতিও জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিগত সরকারের আমলে জীবন বিমা ও সাধারণ বিমা খাতে দাবি করা অর্থের ৭৩ শতাংশ এখনো পরিশোধ করা হয়নি বলে তথ্য দিয়েছেন প্রধানন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বুধবার ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও ডিআরইউ এর করা গ্রুপ বিমা চুক্তি নবায়ন এবং চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “দেশে জীবন বিমা ও সাধারণ বিমা মোট ৮২ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টিই হয়েছে পতিত সরকারের আমলে। এগুলোর মধ্য দিয়ে কী পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তার চিত্র একটি পরিসংখ্যানে তুলে ধরলেই সবার কাছে পরিষ্কার হবে।
“বিমা খাতে যে ১০ হাজার ৬১১ কোটি টাকা দাবি করা হয়েছে, তার মধ্যে এখনও ৭ হাজার ৭৭৯ কোটি টাকা পরিশোধ করা হয়নি। হিসেবে ২৭ শতাংশ টাকা পরিশোধ করা হয়েছে বাকি ৭৩ শতাংশ টাকার অপব্যবহার করে বিগত সরকার লুটপাট করেছে। বলতে পারেন ৭৩ শতাংশ টাকার দাবি এখনেও পূরণ হয়নি।”
বিগত সরকার এই অর্থ লুটপাটের জন্যই যাকে ইচ্ছে এবং বিশেষ করে আত্মীয় স্বজনকে সবসময় বিমা অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে নিয়োগ করত বলেও দাবি করেন রাশেদ আল তিতুমীর।
একইভাবে দেশের ঋণ পরিস্থিতিও জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন তিনি।
বিগত সরকারের করা ‘লুটপাটের’ চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, “স্বাধীনতার পর থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশের যে পরিমাণ বৈদেশিক ঋণ ছিল, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে তার তুলনায় ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন হিসাব অনুযায়ী, এই ঋণের পরিমাণ ৩২৩ দশমিক ৩ শতাংশ বেশি।
“ঋণ কোনো নির্দিষ্ট সরকারের বিষয় নয়; এটি রাষ্ট্রের বিষয়। রাষ্ট্রের ঋণের দায় শেষ পর্যন্ত জনগণের ওপরই বর্তায়। তাই জনগণকে পূর্ণাঙ্গ তথ্য জানাতে হবে, যাতে তারা সরকারকে জবাবদিহির আওতায় আনতে পারে।”
আগামী বছরগুলোতে ঋণ পরিশোধের জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য অনুযায়ী, আগামী আট বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে বলেও তথ্য দেন তিনি।
অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান গ্রুপ বিমা চুক্তির আওয়তায় ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের মৃত্যুর দাবির ৩ লাখ টাকা এবং ডিআরইউ সদস্য রফিকুল ইসলামের গুরুব্যাধী বিমা দাবি বাবদ ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ডিআরইউ পক্ষ থেকে বলা হয়, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গ্রুপ বিমার সুবিধায় ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউর সদস্য ২ হাজার সাংবাদিক রয়েছেন। চুক্তি অনুযায়ী সদস্যদের স্বাভাবিক মৃত্যু হলে ৩ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানি হলে এক লাখ টাকা এবং কোনও অস্ত্রোপচার হলে ৭০ হাজার টাকা পাবেন। চুক্তিটি এক বছরের জন্য করা হয়েছে।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিম উদ্দিন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।
