১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো: প্রধানের মূল বেতন ১৭২,০০০ টাকা, সৈনিকের শুরু ২১,৪০০

সরকারি চাকুরেদের মতো এখানেও মূল বেতন বাড়বে ধাপে ধাপে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 11:08 PM

Updated : 16 Nov 2026, 11:08 PM

সরকারি চাকরিজীবীদের জন্য নবম বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর যৌথ বাহিনীর সদস্যদের মূল বেতনসহ বিভিন্ন ভাতা এবং অবসরজনিত সুবিধা নির্ধারণের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ এর আলোকে পৃথক নির্দেশাবলী প্রকাশ করা হয়েছে।

রোববার যৌথ বাহিনীর জন্য পৃথক নির্দেশাবলীর এ গেজেট প্রকাশ করেছে সরকার।

এতে সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগীবৃন্দ, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির ব্যক্তিবর্গ, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি ব্যক্তিবর্গ ও সমতুল্যগণের মূল বেতন, বেতন উপাদান, ভাতা এবং অবসর জনিত সুবিধাবলি অন্তভুক্ত করা হয়েছে।

নতুন কাঠামোয় বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকায় এবং সৈনিকের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা।

নৌ ও বিমানবাহিনীর ক্ষেত্রেও একই অঙ্ক প্রযোজ্য।

সরকারি চাকুরেদের মতো এখানেও মূল বেতন বৃদ্ধি হবে ধাপে ধাপে।

বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার ও সমতুল্য কর্মীদের ক্ষেত্রে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৪০ শতাংশ এবং ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত ৭০ শতাংশ বাড়বে।

সার্জেন্ট ও সমতুল্য থেকে রিক্রুট এবং অফিসার ক্যাডেটদের ক্ষেত্রে একই সময়ে যথাক্রমে ৫০ ও ৭৫ শতাংশ বাড়বে।

১ জুলাই ২০২৭ থেকে সবাই পূর্ণ হারে নতুন মূল বেতন পাবেন বলে তুলে ধরা হয় প্রজ্ঞাপনে।

আগের জেএসআইয়ের আওতায় পাওয়া ‘বিশেষ সুবিধা’ ১ জুলাই ২০২৬ থেকে বিলুপ্ত হয়েছে। এর আওতায় পাওয়া অর্থ বকেয়ার সঙ্গে সমন্বয় করা হবে।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে। এ সময় পর্যন্ত ৩০ জুন ২০২৬ এর হারেই ভাতা মিলবে।

তবে নতুন ভাতার হারেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

সেখানে প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার থেকে ৭ হাজার ২০০ টাকা, সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে হাজার ৫৭৫ থেকে ৬ হাজার ৬৯০ টাকা বাড়ানো হয়েছে।

এছাড়াও কিট ভাতা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩২০ টাকা; ব্যাটম্যান ভাতা ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা; ডিস্টারব্যান্স ভাতা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা; ঝুঁকি ভাতা দৈনিক ১১০ থেকে ১২১ টাকা; পাহাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ করা হয়েছে।

নতুন করে যুক্ত হয়েছে কয়েকটি ভাতা। এর মধ্যে মোবাইল ভাতা মেজর ও তদূর্ধ্বদের মাসে ৫০০ টাকা, ক্যাপ্টেন ও নিচের পদে ১৫০ টাকা; প্রতিবন্ধী সন্তান ভাতা প্রতিজনের জন্য মাসে ৩ হাজার টাকা করা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ ভাতা মিলবে।

এছাড়া হাওর বা দ্বীপ বা চর ভাতা মূল বেতনের ২০ শতাংশ, যা সর্বোচ্চ হবে ৫ হাজার টাকা। আর তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা হিসেবে রাডার ও রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরতদের মাসে ২ হাজার টাকা করা হয়েছে।

যারা ৩০ জুনের আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) শেষ করে ১ জুলাই অবসরে গেছেন, তারা নতুন বেতন নির্ধারণের সুবিধা পাবেন না, তবে শতাংশ হারে পেনশন বৃদ্ধি পাবেন।