০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

মাসিক ৩ হাজার টাকা করে বেতন বাড়ানোর পাশাপাশি আনুতোষিক ভাতাও বাড়ছে তাদের।

গ্রাম পুলিশের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 03:19 PM

Updated : 07 Nov 2026, 03:19 PM

গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সরকারপ্রধান বলেছেন, গ্রাম পুলিশ প্রধানের বেতন ৩ হাজার টাকা বাড়িয়ে ১১ হাজার এবং গ্রাম পুলিশ সদস্যের বেতন সমপরিমাণ  বাড়িয়ে সাড়ে ১০ হাজার টাকা করা হয়েছে। 

শনিবার দুপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে তারেক রহমান এ ঘোষণা দেন। 

গ্রাম পুলিশ ভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পুলিশ সদস্যের এককালীন আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। গ্রাম পুলিশ প্রধানের এ ভাতা ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার কথা বলেছেন তিনি। 

গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।

একই সঙ্গে এখন থেকে গ্রাম পুলিশকে প্রতি মাসে ১৫০ টাকা করে মোবাইল ফোন ভাতা দেওয়ার কথাও বলেছেন তারেক রহমান। 

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ অংশ নিয়েছেন। 

“আট বিভাগ থেকে শ্রেষ্ঠ আট জন গ্রাম পুলিশদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।” 

মহাসমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজ কল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।