২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় তিনজনের যাবজ্জীবন

তারা সবাই পলাতক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 04:49 PM

Updated : 25 Nov 2026, 04:49 PM

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের তৃতীয় মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আফরোজা জেসমিন কলি।

দণ্ডিতরা হলেন—আনোয়ারা উপজেলার বুরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে আলম, ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম এবং একই উপজেলার খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী।

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয় সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

“রায় ঘোষণার সময় তিন আসামিই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২৪ জুলাই নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ী কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে আলম, মোশারফ ও সেনোয়ারাকে গ্রেপ্তার করা হয়।

তাদের বহন করা ব্যাগ থেকে মোট ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফের কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারার কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।

তবে উদ্ধার হওয়া ইয়াবার সংখ্যা মামলার নথিতে বলা নেই।

এ ঘটনায় র‍্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।