১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

এ সময় বিএনপির কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 08:05 PM

Updated : 13 Nov 2026, 08:07 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ছাত্রদলের কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

এ সময় বিএনপির কার্যালয়সহ চারটি দোকান ভাঙচুর করা হয়।

শুক্রবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকার সড়ক বাজারে কয়েক দফায় এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম।

আহত পুলিশ সদস্যের নাম বিল্লাল। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেন সভাপতি ও জাকারিয়া আহমেদ সাধারণ সম্পাদক হন। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী।

শুক্রবার বিকালে নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়ক বাজারে পৌঁছালে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা ছড়ায়। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

সংঘর্ষের সময় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা বিএনপির কার্যালয়ের ভেতরে প্রায় দুই ঘণ্টা আটকা পড়েন। এ সময় কার্যালয়সহ তাদের পক্ষের চারটি দোকান ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদও সেখানে উপস্থিত হন। পরে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি শান্ত হয়।

ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।