রামগঞ্জে ছাত্রদলের ২ কমিটি বিলুপ্ত
এই দুই কমিটি ঘোষণা করা হয় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি।
লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কমিটিগুলো হলো রামগঞ্জ উপজেলা ও পৌরসভা। এই দুই কমিটি ৫ বছর ৮ মাস আগে দেওয়া হয়েছিল।
সোমবার রাত ১২টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের বিশেষ দায়িত্ব) আকবর হোসেন মুন্না এ তথ্য জানিয়েছেন।
এর আগে মুন্নার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ। এতে কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এই দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।”
২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি জহির রায়হান বাবুকে আহ্বায়ক ও রাকিব হাসানকে সদস্যসচিব মনোনীত করে রামগঞ্জ উপজেলার ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
একই দিন শাহিন আলম মুন্নাকে আহ্বায়ক ও হুমায়ুন কবির সাদ্দামকে সদস্যসচিব মনোনীত করে রামগঞ্জ পৌরসভার ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। এর মধ্যে বাবু ও মুন্না জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
জেলা ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন নেতৃত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হবে।
