ফেইসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন লক্ষ্মীপুরের এনসিপি নেতা
পদত্যাগ করা জহিরুল ইসলাম জহির এনসিপির রামগঞ্জ পৌর কমিটির সদস্যসচিব ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেইবসুকে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর কমিটির এক নেতা।
পদত্যাগ করা জহিরুল ইসলাম জহির এনসিপির রামগঞ্জ পৌর কমিটির সদস্যসচিব ছিলেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পদত্যাগের ঘোষণা দিয়ে একটি লেখা পোস্ট করেন জহির। এতে ব্যক্তিগত কারণসহ আরও কিছু বিষয় নিয়ে পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের জানান তিনি।
ফেইসবুক পোস্টে জহির লিখেছেন, “দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
এ বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, “আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। এতে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর বাহিরেও কিছু বিষয় আছে, যা আপাতত বলা যাবে না।”
এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে রামগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মামুন হোসেন বলেন, “ফেইসবুকে ঘোষণা দিয়ে জহির পদত্যাগ করেছেন। পোস্টটি দেখেছি। তবে কি কারণে পদত্যাগ করেছে তা জানা নেই।”
জহিরের বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন। পারিবারিকভাবে জহির বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এরপরও ২০২৬ সালের ২১ জানুয়ারি এনসিপির রামগঞ্জ পৌর কমিটির সদস্যসচিবের দায়িত্ব পান জহির।
