এইচএসসি পাস করলেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতির ছেলে
এক বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়েছে।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতির ছেলে।
শনিবার পরীক্ষার ফল প্রকাশের পর ছেলের ছবি দিয়ে ফেইসবুকে একটি পোস্ট করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।”
জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন।
শাহজাহান খান ২০১৮ সালে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি হন। ওই কমিটিতে সাধারণ সম্পাদক করা হয় মোমিনুর রহমান মোমিন মালিতাকে। এরপর আর জেলায় ছাত্রদলের নতুন কমিটি করা হয়নি।
এদিকে, রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে দুই জেলার কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ১ নভেম্বর এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এ বিষয়ে শাহজাহান খান বলেন, “আমি আগেই বলেছিলাম, আমরা আর কতকাল ছাত্রদলে থাকব। আমাদের দলের অন্য কোথাও দায়িত্ব দেওয়া হোক। দল নিশ্চয়ই ভালো বুঝে আমাকে এত দিন দায়িত্বে রেখেছে। এখন কমিটি বিলুপ্ত করেছে। এটা স্বাভাবিক ঘটনা। আমিও তো চিরকাল থাকব না।”
ছেলের ফল নিয়ে তিনি বলেন, “আমার ছেলে পাস করেছে, এতে বাবা হিসেবে আমি খুশি হয়েছি। ফেইসবুকে নিজের আনন্দ প্রকাশ করেছি। অনেকে অভিনন্দন জানিয়েছেন, ছেলের জন্য দোয়া করেছেন। আবার কেউ কেউ অন্যভাবে বিষয়টি দেখেছেন। ভালো মানুষেরা ঠিকই শুভকামনা জানিয়েছেন।”
