২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে ছাত্রদলের নেতাসহ গ্রেপ্তার ৫, ১২০০ ইয়াবা উদ্ধার

ডিবির এসআই মো. রিপন উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 11:02 PM

Updated : 29 Oct 2026, 11:02 PM

ময়মনসিংহ নগরীতে ছাত্রদলের নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. মাহবুবুল হক বলেন, বুধবার গভীর রাতে নগরীর শেওড়া মুন্সিবাড়ি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৩০), ত্রিশালের শাকির হোসেন (২৫), নগরীর মধ্য বাড়েরা এলাকার জাকিরুল ইসলাম (৩২), ঘাগড়া ইউনিয়নের সজীব মিয়া (২০) এবং সারদা ঘোষ রোড এলাকার উৎসব সিং সাগর (২৮)।

এ ঘটনায় ডিবির এসআই মো. রিপন উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মামলার বরাতে পুলিশ জানায়, শেওড়া মুন্সিবাড়ি এলাকায় উজ্জল মিয়ার বাড়ির নিচতলায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার প্রস্তুতি নিচ্ছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন বলেন, মনিরুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি তারা জেনেছেন এবং তার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিবির ওসি মাহবুবুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।