২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু

এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 04:18 PM

Updated : 22 Nov 2026, 04:18 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম।

এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।

আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পরে আগামী বছরের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

তবে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, ভর্তি পরীক্ষায় অংশ নিতে এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির জন্য আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ই ইউনিটের জন্য ৭০০ টাকা এবং সি ১ ইউনিট ও আইবিএ-জেইউর জন্য ৬০০ টাকা ফি দিতে হবে। সব ইউনিটের আবেদন ফির ওপর ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ যুক্ত হবে।

আবেদন ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভর্তি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য নূরুল ইসলাম বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা একটি দলগত কাজ। আশা করি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে নিয়ে এ কার্যক্রমের সব কাজ দৃঢ়তার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এ সময় ভর্তি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন উপাচার্য।