২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়ানে পূর্ণ প্রতিনিধিত্ব ফিরে না পেয়ে ক্ষুব্ধ মিয়ানমার

“বিভিন্ন সময় মিয়ানমারের মতামত উপেক্ষা করা হয়েছে এবং দেশটির সমান অধিকার ও পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের সুযোগ অস্বীকার করা হয়েছে।”

আসিয়ানে পূর্ণ প্রতিনিধিত্ব ফিরে না পেয়ে ক্ষুব্ধ মিয়ানমার

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 04:08 PM

Updated : 22 Nov 2026, 04:16 PM

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে পাঁচ বছরেও রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে মিয়ানমার।

দেশটির সেনাসমর্থিত সরকার আসিয়ানের সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে জোটের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে।

রয়টার্স লিখেছে, গত ১৫ নভেম্বর ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত হয়, মিয়ানমার পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি দেখাতে পারলে ধাপে ধাপে দেশটির পূর্ণাঙ্গ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এর প্রতিক্রিয়ায় শনিবার এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ম্যানিলায় আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে মিয়ানমার সরকার যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে দাবি করে, সেগুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি।”

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ওই বছরের অক্টোবর থেকে আসিয়ানের শীর্ষ সম্মেলন ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারের পূর্ণ প্রতিনিধিত্ব নেই। এসব বৈঠকে দেশটির রাজনৈতিক প্রতিনিধি না পাঠিয়ে অরাজনৈতিক প্রতিনিধি পাঠানোর সুযোগ রাখা হয়।

অভ্যুত্থান-পরবর্তী সংকট নিরসনে ২০২১ সালের ২৪ এপ্রিল আসিয়ানের নেতারা পাঁচ দফা ঐকমত্য গ্রহণ করেন। এর মধ্যে রয়েছে—মিয়ানমারে অবিলম্বে সহিংসতা বন্ধ, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ, সংলাপে মধ্যস্থতার জন্য আসিয়ানের বিশেষ দূত নিয়োগ, জোটের মাধ্যমে মানবিক সহায়তা এবং বিশেষ দূত ও প্রতিনিধিদলের মিয়ানমার সফর করে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক।

এবারের সম্মেলনেও পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব ফিরে না পাওয়ার সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলে বর্ণনা করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন সময়ে মিয়ানমারের মতামত উপেক্ষা করা হয়েছে এবং দেশটির সমান অধিকার ও পূর্ণাঙ্গ প্রতিনিধিত্বের সুযোগ অস্বীকার করা হয়েছে।”

মন্ত্রণালয় দাবি করেছে, মিয়ানমারে কোনো রাজনৈতিক বন্দি নেই। সামরিক অভ্যুত্থানের পর থেকে এক লাখ ২৬ হাজারের বেশি বন্দিকে ক্ষমা বা সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়া হয়েছে।

তবে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে হাজার হাজার মানুষ রাজনৈতিক কারণে কারাবন্দি রয়েছেন।

এর আগে বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেন, আসিয়ানের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক পুনর্বিবেচনা করছে তার প্রশাসন। তবে জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। অভ্যুত্থানের জেরে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই সংঘাতে এক লাখ মানুষ নিহত হয়েছেন এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

১১ সদস্যের আসিয়ান জোটের অন্য দেশগুলো হলো—ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও পূর্ব তিমুর।