ছাত্রদলের পিটুনির পর বহিষ্কার: জবির ৫ কর্মকর্তাকে পুলিশে দিল প্রশাসন
প্রক্টর বলেন, “তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না; আমরা চাচ্ছি, একটি সুন্দর সমাধান করতে।“
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে তুলে ছাত্রদল যে পাঁচ কর্মকর্তাকে পিটিয়েছে, তাদের সাময়িক বহিষ্কার করার পর পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাত ৩টার দিকে পুলিশ ভ্যানে করে তাদের কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। তখনও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান নিয়েছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা ওই পাঁচ কর্মকর্তাকে পুলিশে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।
পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান ও রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।
পাঁচ কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি কে এম রবিউল ইসলাম।
তিনি মঙ্গলবার দুপুর ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জবির পাঁচ কর্মকর্তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে রাতে হস্তান্তর করেছে। তারা এখন আমাদের হেফাজতে আছেন।”
তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—এমন সব প্রশ্নে ওসি রবিউল বলেন, “এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো বলতে পারবে। তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।”
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের নিরাপত্তার স্বার্থেই আমরা তাদের পুলিশ হেফাজতে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না।
“আমরা চাচ্ছি, একটি সুন্দর সমাধান করতে। ইতোমধ্যে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাদের খুব সম্ভবত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হবে। আমরা সে বিষয়েই আলোচনা করছি।”
সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই কর্মকর্তাদের ধরে পিটিয়ে প্রক্টর অফিসে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পিটুনির শিকার ওই কর্মকর্তাদের রাতে সাময়িক বহিষ্কার করে।
