ছাত্রলীগ নাম দিয়ে জবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রদল
“তারা আমাকে অন্যায়ভাবে ধরছে। যদি ছাত্রলীগের কোনো পদে আমি থাকি, তবে বিচার যা মন চায় করবে,” বলেন জয়নাল।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।
জয়নাল আবেদিন নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
পুলিশ ও শিক্ষার্থীদের বক্তব্য ও ঘটনার ভিডিও অনুযায়ী, সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান দেখতে ক্যাম্পাসে আসেন জয়নাল। আসার পর তাকে ধাওয়া দিয়ে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের নেতাদের মধ্যে ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদার।
আটক করার পর জয়নালকে ক্যাম্পাস থেকে বের করে পোগোজ স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর মারধর করে পুলিশে সোপর্দ করা হয় তাকে।
পুলিশে দেওয়ার আগে ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে জয়নাল বলেন, “ভাই, মাইরা ফালান আমারে। এখানে মাইরা ফালান আমারে। মারেন, মারেন, মাইরা ফালান।”
তিনি বলেন, “তারা আমাকে অন্যায়ভাবে ধরছে। যদি ছাত্রলীগের পোস্টেড কোনো কিছুতে আমি থাকি, তবে আমার বিচার যা মন চায় করবে।”
জয়নালকে পুলিশের কাছে সোপর্দের পর জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “ক্যাম্পাসের কাঁঠালতলায় গেলে আমরা দেখতে পাই, ছাত্রলীগের সন্ত্রাসীরা অনুষ্ঠান নষ্ট করার জন্য বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। সেখান থেকে আমরা জবি ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছি।”
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা তার বিষয়ে যাচাই-বাছাই করছি। তার সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতা আছে কি না, তা নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
