২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবিতে ছাত্রলীগবিরোধী মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

প্রভোস্ট বলেন, “উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাই সিসিটিভি ফুটেজ যাচাই না করে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 12:27 PM

Updated : 20 Nov 2026, 12:27 PM

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে বলে হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান।

ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে মিছিলের অনুমতি ও সাংগঠনিক বিরোধ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে মিছিল শেষে হলে ফেরার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হলের শিক্ষার্থীরা জানায়, ছাত্রলীগবিরোধী মিছিলে অংশ নেয়ার জন্য বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে বের হন।

এ সময় মিছিলের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি নেওয়া হয়েছে কি না এ বিষয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হুমকি-ধমকির ঘটনা ঘটে। পরে মিছিল শেষে হলে ফেরার পর আবারও সংঘর্ষে জড়ান তাঁরা।

সংঘর্ষে আহত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু বলেন, “সারা দেশে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে রাতে আমরা সোহরাওয়ার্দী হলের দিকে ফিরছিলাম।

“তখন তায়েফ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০ থেকে ৫০ জন এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালান।”

তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমিও আহত হয়েছি। আমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই।”

তার অভিযোগ, তায়েফ ও সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাদের ওপর এ হামলা করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ বলেন, “ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত।

“বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে সমাধানের সুযোগ থাকলেও মিজু সেটিকে হল পর্যায়ের সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করছেন।”

তায়েফের দাবি, গত ৫ নভেম্বর জুনিয়র শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে উসকানির প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করা হয়। সর্বশেষ ছাত্রলীগবিরোধী মিছিলের আগে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমতি নেওয়া হয়েছে কি না, তা জানতে চাইলে আবারও হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, হামলায় ছাত্রদল নেতা সিফাত মাথায় গুরুতর আঘাত পান এবং তিনিও আহত হন।

এ ছাত্রনেতা আরও বলেন, “একটি পক্ষ সাংগঠনিক পদ ব্যবহার করে ছাত্রদলের মধ্যে বিভাজন সৃষ্টি ও সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে। বাকৃবি ছাত্রদল কোনো বিভাজন চায় না। কেন্দ্রীয় নেতা আতিক, শফিক ও শোয়াইবের নির্দেশনায় একক নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চায়।”

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, “হামলার ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করতে এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।”

তার দাবি, মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। ছাত্রলীগকে সামনে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।

এব বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবোঝি থেকে নিজেদের মধ্যে এ সমস্যা হয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ খবর করে দ্রুত সমাধান করা হবে।

এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাই সিসিটিভি ফুটেজ যাচাই না করে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”