এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা যাবে দেড় হাজার সদস্য
গ্রুপ চ্যাটিংয়ের জন্য সম্প্রতি কিছু নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ, যা বিশেষ করে বড় গ্রুপগুলোর ক্ষেত্রে বেশ কার্যকর।
একটি গ্রুপ চ্যাটিংয়ে সর্বোচ্চ দেড় হাজার সদস্য যুক্ত করার সুবিধা চালু করতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ‘আরও ১ হাজার ৪৯৯ জন মানুষের সঙ্গে এমন বিশৃঙ্খল গ্রুপ চ্যাটিংয়ে কে থাকতে চাইবে?’ উত্তর হচ্ছে, স্কুল ও স্থানীয় কমিউনিটির চ্যাটিং পরিচালনা করেন এমন অ্যাডমিনদের জন্য এই নতুন সুবিধা কার্যকর হতে পারে।
এর আগে, অ্যাপটিতে একটি গ্রুপ চ্যাটিংয়ে সর্বোচ্চ ১ হাজার ২৪ জন সদস্য রাখার সীমা ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
কোনো কমিউনিটিতে এর চেয়ে বেশি মানুষ থাকলে অ্যাডমিনকে নতুন আরেকটি গ্রুপ খুলতে হত। নতুন এই সদস্যসীমা তাদের সেই প্রয়োজন মেটাতে যথেষ্ট হতে পারে।
‘ডব্লিউএবিটাইনফো’র প্রতিবেদনে বলেছে, অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অ্যাপেই নতুন এই সদস্যসীমা পাওয়া যাবে।
তবে মেটা মালিকানাধীন চ্যাটিং অ্যাপটি ধাপে ধাপে সুবিধাটি চালু করায় কিছু ব্যবহারকারীর বেলায় তা পেতে একটু দেরি হতে পারে।
দেড় হাজার সদস্যের গ্রুপ চ্যাটিংগুলোতে শুরু থেকে হোয়াটসঅ্যাপের ডিসকর্ডের মতো ভয়েস ফিচার ‘অডিও হ্যাংআউটস’ ব্যবহার করা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।
আপাতত এটুকু বলাই যায়, এত মানুষের অংশগ্রহণে সেসব কল যে বেশ হট্টগোলপূর্ণ ও বিভ্রান্তিকর হবে তা সহজেই অনুমেয়।
গ্রুপ চ্যাটিংয়ের জন্য সম্প্রতি আরও কিছু নতুন ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ, যা বিশেষ করে বড় গ্রুপগুলোর ক্ষেত্রে বেশ কার্যকর।
ব্যবহারকারীরা এখন আরও দীর্ঘ সময়ের জন্য মেসেজ পিন করে রাখতে এবং ‘মেনশন’ ও ‘রিপ্লাই’-এর ভিত্তিতে আলাপ ফিল্টার বা আলাদা করে দেখতে পারবেন।
পাশাপাশি, গ্রুপের পুরনো সদস্যরা এখন অ্যাডমিনের যুক্ত করা যে কোনো নতুন সদস্যের সঙ্গে গ্রুপের আগের মেসেজের ইতিহাস বা ‘মেসেজ হিস্ট্রি’ শেয়ার করতে পারবেন।
