গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি করতে ভারতকে আলোচনার আহ্বান
সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের প্রশ্নের লিখিত জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ তথ্য দিয়েছেন।
গঙ্গা নদীর পানি বণ্টনে নতুন চুক্তি করতে কূটনৈতিক মাধ্যমে ভারতকে আলোচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ জন্য উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটিও গঠন করা হয়েছে।
জাতীয় সংসদে মঙ্গলবার গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের প্রশ্নের লিখিত জবাবে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এ তথ্য দিয়েছেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে এ দিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পানিসম্পদমন্ত্রীর অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রশ্নোত্তরে অংশ নেন।
লিখিত জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, “গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি করার লক্ষ্যে ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে।”
নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে ভারতকে কূটনৈতিক মাধ্যমে আলোচনার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
ফারাক্কায় গঙ্গা নদীর পানি বণ্টন নিয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। চলতি বছরের ডিসেম্বরে সেই চুক্তির মেয়াদ শেষ হবে।
সংসদে মন্ত্রী বলেন, “১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানি দুই দেশের মধ্যে ভাগ করা হয়। চুক্তিতে নির্ধারিত নিয়ম অনুযায়ী ১৯৯৭ সাল থেকে ফারাক্কায় গঙ্গার পানি বাংলাদেশ ও ভারতের মধ্যে বণ্টন হয়ে আসছে।
তিস্তার পানির ন্যায্য হিস্যায় চুক্তি করতে চায় সরকার
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলামের প্রশ্নের জবাবে তিস্তা নদী নিয়ে সরকারের পরিকল্পনাও তুলে ধরেন পানিসম্পদমন্ত্রী।
তিনি বলেন, “তিস্তা নদী অববাহিকায় বন্যা ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ ও শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য একটি সমীক্ষা প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পে সেচ সুবিধা সম্প্রসারণ, পরিবেশ পুনরুদ্ধার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিষয়গুলোও বিবেচনা করা হবে “
তিস্তা নদীর সমন্বিত ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়েছে বলে তথ্য দিয়ে মন্ত্রী বলেন, “তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে ভারতের সঙ্গে একটি টেকসই চুক্তি করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
তিস্তা নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নদীটির ওপর নির্ভরশীল মানুষের দুর্ভোগ কমাতে ভারতের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন পানিসম্পদমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, ভারত তিস্তা নদীর পরিবেশ ও নদী অববাহিকার মানুষের দুঃখ-দুর্দশা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
