২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এআই দিয়ে পরীক্ষায় নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরীক্ষার্থীর নকলের ঘটনা নিয়ে তোলপাড় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চরম কড়াকড়ির কারণে সৃষ্ট বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।

এআই দিয়ে পরীক্ষায় নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 08:35 PM

Updated : 22 Nov 2026, 08:35 PM

পরীক্ষায় নকল কেলেঙ্কারির ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় এক পরীক্ষার্থীর নকল এবং পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতির ঘাটতির দায় নিয়ে তিনি রোববার পদত্যাগ করেন। প্রেসিডেন্ট লি জে মিয়ুং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

চোই কিয়ো-জিন জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলেও আগে থেকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার শেষ মুহূর্তে যে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল তার সমালোচনার দায় তিনি এড়াতে পারেন না।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, রোববার চোই বলেছেন, “দায়িত্বে থাকা একজন মন্ত্রী হিসেবে আগে থেকে প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা আমি এড়াতে পারি না। যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, তাই আমি গভীর দায়িত্ববোধ থেকে পদত্যাগ করছি।”

ঘটনার সূত্রপাত হয় এক সপ্তাহ আগে। দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী এক পরীক্ষার্থী (হান ওন-সিওক) স্বীকার করেন যে, তিনি মাইক্রোক্যামেরা, স্মার্টফোন ও এআই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় নকল করেছিলেন। এ ঘটনার পরপরই দেশজুড়ে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।

ওই ঘটনার চার দিন পর গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনুং। সেই পরীক্ষায় যাতে একইভাবে এআই দিয়ে নকল না হয়, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় শেষ মুহূর্তে তড়িঘড়ি করে কিছু কঠোর পদক্ষেপ নেয়।

এর ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও ভোগান্তি তৈরি হয়। মূলত আগে থেকে প্রস্তুতি না থাকায় এবং শেষ মুহূর্তে এই বিশৃঙ্খলা সামলাতে ব্যর্থ হওয়ার দায় নিয়েই শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন।

কিন্তু শিক্ষামন্ত্রণালয়ের কঠোর পদক্ষেপের পরও এবছরের সুনুং পরীক্ষায় অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ অন্তত ১১১টি নকলের ঘটনা ধরা পড়ে।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের নকল করার খবর প্রকাশের পর, গত কয়েক সপ্তাহ ধরেই অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় অসদুপায় অবলম্বন নিয়ে উদ্বেগ বাড়ছিল।

গত সপ্তাহান্তে (উইকেন্ডে) এই উদ্বেগ চরমে পৌঁছায়, যখন এপ্রিল মাসে অনুষ্ঠিত কর হিসাবরক্ষক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী হান ওন-সিওক নকল করার কথা স্বীকার করেন। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র ১টি ভুল করে অস্বাভাবিকভাবে বেশি নম্বর পাওয়া নিয়ে জল্পনার মধ্যেই তিনি এআই দিয়ে নকল করার স্বীকারোক্তি দেন।

এর ফলে সুনুং পরীক্ষার মাত্র কয়েক দিন আগে কর্তৃপক্ষ জরুরি কড়াকড়ির পদক্ষেপ নিতে বাধ্য হয়। এর মধ্যে পরীক্ষার দিন দেশজুড়ে জরুরি সতর্কবার্তাও পাঠানো হয়।

গোপন ক্যামেরা আড়াল করতে পরীক্ষার্থীদের তাদের শার্ট ও জ্যাকেটের বোতাম ঢেকে রাখতে হয়েছিল এবং কর্তৃপক্ষ তাদের চশমাও তল্লাশি করেছিল।

এসব পদক্ষেপের কারণে সৎ পরীক্ষার্থীরাও আতঙ্কিত ও সন্দেহপ্রবণ হয়ে পড়েছিলেন।

সুনুং পরীক্ষার আগে উচ্চমাধ্যমিকের শেষ বর্ষের এক শিক্ষার্থী ‘দ্য কোরিয়া টাইমস’-কে জানান, তিনি দুশ্চিন্তায় ছিলেন যে, তার মোটা ফ্রেমের চশমাটিকে হয়ত ভুল করে স্মার্ট গ্লাস মনে করা হতে পারে।

আরেকজন সংবাদ সংস্থা ইয়োনহাপকে জানান, তিনি সাধারণত চশমা পরেন, কিন্তু কোনও ধরনের সন্দেহ এড়াতে সুনুং পরীক্ষার দিন কষ্ট করে কন্টাক্ট লেন্স পরেছিলেন।