নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: রিমান্ড শেষে কারাগারে দুই আসামি
জামিন শুনানির জন্য সোমবার দিন রেখেছে আদালত।
কর অঞ্চল-২০ এর নিয়োগ পরীক্ষায় যোগদানপত্র নিতে গিয়ে ধরা পড়ার মামলায় দুই আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- আশরাফুল ইসলাম ও মো. লিখন।
শুক্রবার তাদের দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোহাম্মদ জাহিদুল হাসান এ দিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিদের পক্ষে আইনজীজী শেখ ফরিদ, নিজাম উদ্দিন ও নোমান জাবেদ রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন।
জামিন শুনানির জন্য সোমবার দিন রেখে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানান এসআই রফিকুল ইসলাম।
মামলার বিবরণে বলা হয়, বৃহস্পতিবার আগারগাঁও এলাকায় কর কমিশনারের কার্যালয়ের কর অঞ্চল-২০ এ নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রমের অংশ হিসেবে কাগজপত্র যাচাই-বাছাই চলছিল।
কর্মকর্তারা এ সময় দেখতে পান, যোগদানপত্র নিতে আসা আশরাফুল ইসলামের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির মিল নেই।
লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে তার বর্তমান হাতের লেখার মিল পাওয়া যায়নি।
অন্যদিকে লিখনের জায়গায় লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়া প্রার্থীর ছবি মৌখিক পরীক্ষার সময় সংরক্ষণ করা হয়েছিল। যোগদানপত্র নিতেও সেই একই ব্যক্তি উপস্থিত হন।
কিন্তু বিকালে যখন নতুন যোগদান করা প্রার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়, তখন আসল লিখন সেখানে উপস্থিত হন।
পরবর্তীতে তার রোল নম্বরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীর ছবি মিলানো হয়। তখন দেখা যায়, মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে লিখনের কোনো মিল নেই।
দুজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আশরাফুল ইসলাম স্বীকার করেন, গত ৯ অক্টোবর লিখিত পরীক্ষা ও ১৯ অক্টোবর মৌখিক পরীক্ষা তিনি নিজে দেননি। অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
লিখনও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, লিখিত ও মৌখিক পরীক্ষা তিনি নিজে দেননি। অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
এ ঘটনায় কর অঞ্চল-২০ এর উপ কর কমিশনার নিপু চন্দ্র দে বৃহস্পতিবারই শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
