নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: ধরা পড়া ২ পরীক্ষার্থী রিমান্ডে
গ্রেপ্তার দুজনই স্বীকার করেছেন, টাকার বিনিময়ে তাদের হয়ে অজ্ঞাতরা নিয়োগ পরীক্ষা দিয়েছেন।
কর অঞ্চল-২০ এর নিয়োগ পরীক্ষায় যোগদানপত্র নিতে গিয়ে ধরা পড়া দুই পরীক্ষার্থীকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আশরাফুল ইসলাম ও মো. লিখন।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মোহাম্মদ জাহিদুল হাসান রিয়াদ এ দিন আসামিদের আদালতে হাজির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট শেখ ফরিদ, নিজাম উদ্দিন ও নোমান জাবেদ রিমান্ড বাতিল করে জামিন চান।
মামলার বিবরণে বলা হয়, গত বৃহস্পতিবার কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২০ এর নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ব্যবহারিক পরীক্ষা না থাকায় শুধুমাত্র মৌখিক পরীক্ষায় ছবি সংরক্ষিত করা হয়েছিল। বৃহস্পতিবার চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র গ্রহণের আগে শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকাস্থ কর কমিশনারের কার্যালয়ের কর অঞ্চল-২০ এর কার্যালয়ে দুপুরে কাগজপত্র যাচাই বাছাই চলছিল।
কর্মকর্তারা এ সময় দেখতে পান, যোগদানপত্র নিতে আসা আশরাফুল ইসলামের চেহারার সেঙ্গে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির মিল নেই। লিখিত পরীক্ষার উত্তরপত্রের হাতের লেখার সঙ্গে তার বর্তমান হাতের লেখার মিল পাওয়া যায়নি।
অন্যদিকে লিখনের জায়গায় লিখিত ও মৌখিক পরীক্ষা দেওয়া প্রার্থীর ছবি মৌখিক পরীক্ষার সময় সংরক্ষণ করা হয়েছিল। যোগদানপত্র নিতেও সেই একই ব্যক্তি উপস্থিত হন। কিন্তু বিকালে যখন নতুন যোগদান করা প্রার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়, তখন আসল লিখন সেখানে উপস্থিত হন। পরবর্তীতে তার রোল নম্বরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা প্রার্থীর ছবি মিলানো হয়। তখন দেখা যায়, মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে লিখনের কোনো মিল নেই।
পরবর্তীতে তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আশরাফুল ইসলাম জানান, নিয়োগ পরীক্ষার গত ৯ অক্টোবর লিখিত পরীক্ষা ও ১৯ অক্টোবর মৌখিক পরীক্ষা তিনি নিজে দেননি। অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরে ওই প্রেক্ষাপটে তিনি আর যোগদানপত্র দাখিল করেন নাই।
লিখনও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, লিখিত ও মৌখিক পরীক্ষা তিনি নিজে দেননি। অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে প্রক্সি দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ ঘটনায় কর অঞ্চল-২০ এর উপ কর কমিশনার নিপু চন্দ্র দে বৃহস্পতিবারই শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
