২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

রাজু ভাস্কর্যের অনশন থেকে চারজনকে পুলিশে সোপর্দ, পরে মুচলেকায় মুক্তি

“আটক চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 02:43 PM

Updated : 23 Oct 2026, 03:19 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসের ‘গেজেট বঞ্চিতদের’ অনশন থেকে চারজনকে পুলিশে সোপর্দ করার কয়েক ঘণ্টা বাদে পরিবারের জিম্মায় ছাড়া পেয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের পুলিশে সোপর্দ করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা রাজু ভাস্কর্যে অনশন বসেছিল। আমি জানতে পেরে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।”

ওই চারজন হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের সাবেক সহ-সম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপ-সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম এবং একই হলের ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।

বৃহস্পতিবার বিকাল থেকে ৪৫তম বিসিএসে গেজেট বঞ্চিতরা রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি শুরু করেন। সেখান থেকে তাদের পুলিশে দেওয়া হয়।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, “ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। আটক চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা বলে নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।”

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকালকে তাদেরকে আটক করা হয়। সকালে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়। পরে মুচলেকা নিয়ে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।”