ছাত্রদলের পিটুনির পর বহিষ্কার, জবির ৫ কর্মকর্তা থানা থেকে পরিবারের জিম্মায়
সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর দপ্তরে নিয়ে যান শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ হেফাজতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিকালে তাদের ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ ব্যক্তিকে তাদের জিম্মায় নিয়ে গেছে।”
থানা থেকে ছাড়া পাওয়া কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরে শিক্ষক সংগঠনের সব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী থানা থেকেই সরাসরি আমরা তাদের (পাঁচ কর্মকর্তা) পরিবারের কাছে হস্তান্তর করেছি।
“একইসঙ্গে তাদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে। তদন্তের স্বার্থে তাদের মোবাইল ফোন আমাদের কাছেই রয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে ওই পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর দপ্তরে নিয়ে যান শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়।
পরে সোমবার রাতে তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠনের কথা জানান উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন।
মঙ্গলবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই পাঁচ কর্মকর্তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে। এরপর থেকে তারা পুলিশ হেফাজতে ছিলেন।
