আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে আটক ১৭, পুলিশ বলছে ‘ছাত্রলীগ’
বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম।
আশুলিয়ায় তৈরি পোশাক শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে ১৭ জনকে ধরে পুলিশের দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ বলছে, তারা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
মঙ্গলবার আশুলিয়ার কাঠগড়া সংলগ্ন বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিং প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম।
পুলিশ জানায়, বেলা ১১টায় বড় রাঙ্গামাটি এলাকার শেলটেক হাউজিংয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল এসে জড়ো হয়। তাদের কার্যক্রম ও তৎপরতা অস্বাভাবিক মনে হওয়ায় স্থানীয় লোকজন ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের ধরে ফেলে। পরে থানায় বিষয়টি অবগত করা হলে পুলিশ তাৎক্ষণিকভাবে এসে তাদের আটক করে।
আশুলিয়া থানা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, “কিছু তরুণ হাউজিং প্রাঙ্গণে জোর করে যানবাহন নিয়ে ঢোকার চেষ্টা করছিল। এ সময় ঘটনাস্থলে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে অনেকেই সেখানে থেকে পালিয়ে যায়।
“পরে সেখানে উপস্থিত থাকা ব্যক্তিদের মোবাইল ঘেঁটে ‘দুর্দিনের সৈনিক লীগ’-সহ বিভিন্ন বিতর্কিত দলের অভ্যন্তরীণ বার্তা আদান-প্রদানের গ্রুপের সন্ধান মেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আটক করে। পুলিশ তাদের হেফাজত থেকে ‘লকডাউন সফল হোক সার্থক হোক’ লেখা একটি ব্যানার ও লাঠিসোঁটা জব্দ করে। লাঠিগুলোতে ‘জিরাবো’ শব্দটি লেখা ছিল।”
আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “নিষিদ্ধ সংগঠনের নামে ঝটিকা মিছিলের জন্য সমবেত হওয়া ১৭ জনকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও যাচাই-বাছাই সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বিধিমোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
