মজুরি বৃদ্ধির আন্দোলন: গাজীপুরে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে সাংবাদিক আহত
শিল্প পুলিশের ভাষ্য, ঘটনার সময় কে সাংবাদিক আর কে শ্রমিক, তা বোঝার উপায় ছিল না।
গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলাকালে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে এক সাংবাদিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে ভোগড়া বাইপাসে শ্রমিকদের বিক্ষোভের সময় তিনি আহত হন বলে জানিয়েছেন শিল্প পুলিশের সুপার মো. আমজাদ হোসেন।
আহত সাংবাদিক মামুন হোসাইন দৈনিক কালবেলার প্রতিবেদক। শ্রমিক আন্দোলনের খবর সংগ্রহ করতে তিনি ঢাকা থেকে গাজীপুরে যান।
মামুন হোসাইন বলেন, তিনি ঢাকার কয়েকজন সাংবাদিকের সঙ্গে একটি গলিতে ছিলেন। এ সময় সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে তার পায়ে আঘাত লাগে। গ্রেনেডের বিকট শব্দে তার কানেরও ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শিল্প পুলিশের সুপার মো. আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাই সড়কে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় সাংবাদিক মামুন হোসাইন পায়ে আঘাত পান।
তবে সাংবাদিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়নি বলে দাবি করেন শিল্প পুলিশের এই কর্মকর্তা। তার ভাষ্য, ঘটনার সময় কে সাংবাদিক আর কে শ্রমিক, তা বোঝার উপায় ছিল না।
