০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তি ইন্ধন দিচ্ছে: রিজভী

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তি ইন্ধন দিচ্ছে: রিজভী

সিলেট নগরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 05:38 PM

Updated : 02 Nov 2026, 05:38 PM

শ্রমিক অসন্তোষের পেছনে পরাজিত শক্তির ইন্ধন দিচ্ছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেছেন, “শ্রমিকদের মিথ্যা কথা বলে রাস্তায় নামিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। এ কাজে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। তারা এখানে উসকানি দিচ্ছে।”

সোমবার দুপুরে সিলেট নগরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তৈরি পোশাক শিল্পে শ্রমিক অসন্তোষ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে রিজভী বলেন, “শ্রমিকদের নানাভাবে উসকানি দিয়ে নামানোর চেষ্টা করছে। তার উদাহরণ আছে, দৃষ্টান্ত আছে। গতকাল ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

“তাদের একজন নেতা ওই উসকানির সঙ্গে জড়িত ছিলেন। ভেতর থেকে তারা যে কাজ করছেন, নিজেরাই আবার সেটি ফেইসবুকে পোস্ট দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাদের কর্মকাণ্ড স্বীকার করে ফেইসবুকে পোস্টও দিয়েছেন।”

তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না, তাও খতিয়ে দেখার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’, জামায়াত আমিরের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “কোন বিপ্লব দরজায় টোকা দিচ্ছে..? মাত্র আট মাস হল- একটি সরকারের বয়স।

“এই সরকার দেশের উন্নতি, আর্থিক উন্নতি, ব্যবসা সম্প্রসারণসহ নানা বিষয় নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়ে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক করছেন। সেখান থেকে বিনিয়োগ নিয়ে এসে দেশে বিনিয়োগের ব্যবস্থা করছেন।”

অতীতে রাজপথে বিএনপির আন্দোলনের কথা তুলে ধরে রিজভী বলেন, “বিএনপি প্রকাশ্যে গণতন্ত্রের জন্য ১৭ বছর লড়াই করেছে। অনেক রক্ত ঝরিয়ে, অনেক জীবন উৎসর্গ করে সেই লড়াই চালিয়েছে।

“অন্যদিকে গুপ্ত রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না। এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা জনগণ বুঝতে পারছে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, “সরকার দায়িত্ব নেওয়ার সময় কঠিন সংকটের মুখে ছিল। এর মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটে।

“এতে দেশের কলকারখানা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহসহ বিভিন্ন খাতে সংকট তৈরি হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রিজভী।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এলাকায় কে উপযুক্ত প্রার্থী, কার জনপ্রিয়তা ও জয়ের সম্ভাবনা রয়েছে, তা স্থানীয় নেতারা ঠিক করবেন।

“জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আলোচনার মাধ্যমে প্রার্থী বাছাই করবেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ কার্যক্রম আরও জোরদার হবে।”

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং এম এ মালিকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।