১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় কারাগারে কৃষক জনতা লীগের সেক্রেটারি

সোমবার রাতে নারায়ণগঞ্জের কাশীপুর ইউনিয়নের আমবাগান এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম দেলোয়ারকে আটক করে পুলিশ।

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় কারাগারে কৃষক জনতা লীগের সেক্রেটারি

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:28 PM

Updated : 17 Nov 2026, 10:28 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির স্থানীয় একটি কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে করা মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন এসআই মামুন মিয়া।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে কাশীপুর ইউনিয়নের আমবাগান এলাকার বাসা থেকে শফিকুল ইসলাম দেলোয়ারকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

পরে তাকে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান ফতুল্লা থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।

৫৮ বছর বয়সী শফিকুল ওই মামলার ৫ নম্বর আসামি।

শফিকুল ছাড়া এ মামলায় জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, স্বেচ্ছাসেবক লীগের কর্মী মীর হোসেন মীরুসহ আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার রাত সোয়া ২টার দিকে ফতুল্লার উত্তর মাসদাইরের গাবতলী এলাকায় এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত।

মামলায় শফিকুল ইসলাম ছাড়া আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহবুব। তিনি বলেন, তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুরনো খবর:

কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডিবি হেফাজতে